ভেবেছিলাম ছুটি নেব, কিন্তু যথেষ্ট ব্যস্ততার মধ্যেও আসতে হোল মানবিকতার আহ্বানে ।
নিজেকে যদি প্রশ্ন করি - 'কি খেতে ভালোবাসি সবচেয়ে বেশি' একবাক্যে উত্তর পাব - 'মাছ' ! তা বলে শুক্তো ডিম মাংস চাটনি আমি কি কম চেটেপুটে খাই ? - না, যদি না পাই তাহলেও চলে যাবে আমার ?
কিন্তু যদি জনসমক্ষে বলে বসি যে 'আমার সবচেয়ে প্রিয় খাদ্য মাছ', তবে বাকি খাবার যারা আমাকে বরাবর গভীর আন্তরিকতার সাথে রেঁধে বেড়ে খাইয়েছেন এতদিন এবং আমার তৃপ্তির ঢেকুর পর্যবেক্ষণ করেছেন প্রতিবার গভীর আগ্রহের সাথে, তারা প্রথমেই ধরে নেবেন - আমি একটি ডাহা মিথ্যা কথা বললাম । এছাড়া আমার স্বভাবের প্রতি যে গভীর বিশ্বাস তারা রেখেছিলেন, সেই আবেগটি একটি তীব্র নিরাপত্তাহীণতার শিকার হবে, আর তার সাথে তাদের মনের স্বতঃস্ফূর্ত শান্তি ও ভারসাম্য হরণ হবে, অন্তত: সাময়িক ভাবে !
সুতরাং, সামগ্রিক ভাবে দেখতে গেলে - জনসমক্ষে ব্যক্তিগত পছন্দ অপছন্দের ব্যপারে স্বাতন্ত্রপ্রেমী আলপটকা মন্তব্যটি শেষ পর্যন্ত তাদের প্রতি এক আকস্মিক নিষ্ঠুরতার প্রকাশ হোল, - যারা ভালোবাসার সরল বিশ্বাসে নিজেদের দুর্বলতার স্থানটি ভেদ্য রেখেছিলেন এতদিন আমার কাছে !
মায়ের চোখ দিয়ে দেখলে আরও একটু সহজ হয় বোঝা । পাঁচ সন্তানের মধ্যে চতুর্থ সন্তান ঈশ্বরের করুণায় মায়ের কষ্টের এবং প্রয়োজনের দিকগুলি দেখতে পায় অপেক্ষাকৃত পরিষ্কার ভাবে । মা ও জানেন বিপদের মুহূর্তে চতুর্থ-জনই প্রকৃত ভরসা ! কিন্তু মা যদি একবার মুখ ফসকে বলে বসেন যে চতুর্থ সন্তানকেই তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন, তখন সেই মুহূর্ত থেকে বাকি চার সন্তান তাকে ঘৃণা করতে শুরু করবে আপন আপন নিরাপত্তাহীণতার কষ্টে, যার সুদূরপ্রসারী ফলে সমগ্র নারীজাতির প্রতি তীব্র বিদ্বেষ-জনিত নানাধরনের মানসিক পঙ্গুত্বে ধ্বংস হয়ে যেতে পারে তাদের বাকি জীবন - নিছক বিনাদোষে!
এই বোধের অভাব ছিল এই বয়সে পৌঁছেও - একথা অস্বীকার করার উপায় নেই আমার ।
গড়পড়তা মানুষের অনেক সময়ই যায় আসে না কিছু । কিন্তু তীব্র অনুভূতিপ্রবণতায় আবিষ্ট কবির অন্তর এইসব ক্ষেত্রে রক্তাক্ত হয় সবার আগে, - যা কবিতার আকার নেয় অবিলম্বে । আর সেই কবিতা সাক্ষাৎ ঈশ্বরের বাড়ানো হাত হয়ে আসে আমাদের জীবনে - পরম মমতায় উত্তরণের পথে নিয়ে যেতে, সম্পর্কিত ভুলের সংশোধনের সাথে সাথে! পৃথিবী, আপন চরৈবেতি ধর্মে শেষ পর্যন্ত এগিয়েই যায় কবির একাকী যন্ত্রণার নীরব আত্মবলিদানের বিনিময়ে ।
-----------------------------------------------------------------------------------------------
.
-----------------------------------------------------------------------------------------------
.

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন