"সব্বাইকে বুঝতেই হবে" -
তেমন বাধ্যবাধকতা যদিও নেই,
এ ধরায় সব ভোগ্যই কিন্তু
চুষে অথবা
চেটে খাওয়ার যোগ্য নয় ।
কিছু পরিবেশন
ফুলেল সুরভি হতে পারলে বর্তে যায় ।
প্রতিটি শিল্প তেমনই সুমিষ্ট পদ ।
শৈল্পিক হওয়ার অবধারিত কারণে
ভালবাসাকে যেমন,
একবার ছুঁয়ে দেওয়ার পরেই
ধীরে ধীরে বাসি হয়ে গিয়ে
আয়ু তার অবশ্যম্ভাবী কমতেই হয়,
পড়ে ফেলা বই এর মত,
অতঃপর, পরশের অবচেতন অযতনে
ও সচেতন বেনিয়মে
তিলে তিলে বাধ্য ম্লান হওয়ায় ।
শতকরা নিরানব্বই জন মানুষ
এই ভুলটি ক'রেই থাকে,
চট ক'রে মুনাফা হাতিয়ে নেওয়ার লোভে,
দৌড়ে গিয়ে ফুল চিবিয়ে খেয়ে ফেলে,
অনর্গল নূতন কুকর্মে ফাঁসতে থাকায়
অবশেষে নিজেকে বারেবারে ঠকায় ।
অথচ, আকর্ষণের বর্ধিষ্ণু উষ্ণতাটুকু
স্বেচ্ছার ন্যূনতম দূরত্বে,
সযতনে রক্ষা করে গেলে,
সুদীর্ঘদিন
পাগল-করা ভালবাসায়
উদ্বেল হয়ে থাকতে পারার
সঘন সুখকে,
তারিয়ে-তারিয়ে চাখতে পারার
প্রতিযোগী পরম্পরায়
পরস্পরকে নিংড়ে উপভোগ করা
দিব্যি জায়েজ হয় ।
ফুলেল সুগন্ধদের এমন প্রতিটি মজা
আলাদা আলাদা ক'রে,
বুক ভরে
অন্তরে গ্রহণ করতে আগ্রহী হ'লে,
খুব বেশি না হলেও হবে,
তবে, যৎসামান্য রবীন্দ্র-রুচির সূক্ষ্মতরতা
আপন আন্তর সহজিয়ায় না কুলালেও
অপর উপায় যে আছে আর, এমনও নয় ।
.