প্রতিটা মানুষের মধ্যে একজন 'অপ্রতিরোধ্য' বাস করে ।
সে সাধারণতঃ ঘুমিয়ে থাকে, প্রায় বছরভর, অনেকটা কুম্ভকর্ণের মত । যেদিন জাগে, সেদিন সে ঘুম ভাঙা মাত্রই উঠে পড়ে আর এগোতে শুরু করে । তখন তাকে আর থামানো যায় না কোনওভাবে ।
সে বিশালদেহী ও মূলতঃ রাক্ষস প্রকৃতির, তবে অনুগামী-অন্তপ্রাণ । সহমর্মিতা-হীন লাভ-লোকসানের যুক্তিদের আদপেই পাত্তা দেয় না সে, কেবল আপন বিবেকের কথা শোনে ।
সে থামতে বা বিশ্রাম নিতে জানে না । সাহসের আপোষহীন উৎস হওয়ার কারণে, ভয় পেয়ে পিছিয়ে যাওয়া তার একদমই আসে না ।
সে যাকে ভালবাসে তার প্রতি শেষ রক্তবিন্দু অবধি অনুগত থাকে । এ জগতে ভালবাসাকে যারা প্রকৃতই বোঝে, তারা তার সঙ্গ পেলে, সবচেয়ে বেশি নিরাপদ বোধ করে । কেউ কেউ রাহুর আত্মবিশ্বাস ব'লে ডাকে তাকে ।