শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

ভোলানাথ

একটি গ্লাসে কতটা জল ধরে ?
চার আউন্স, আট আউন্স বা ষোল আউন্স ।
আমাদের প্রয়োজন জল । 
গ্লাসটি কিন্তু ধারক মাত্র ।
জল-সমেত গ্লাসটি 
কয়েক সেকেন্ড হাতে ধরে রাখলে
আদৌ তেমন কোনও সমস্যা থাকে না ।

তবে, কয়েক ঘন্টা ধরে রাখলে 
তখন কিন্তু প্রবল সমস্যা থাকে ।
হাতে অসহ্য যন্ত্রণা হতে পারে ।
অথচ, ধারক গ্লাসটি নীচে নামিয়ে রাখলে
আর তেমন কোনও সমস্যাই থাকে না ।
জলও সঞ্চিত থাকতে পারে আগের মতই ।

মন চিন্তার ধারক ।
আমরা তখনই সবচেয়ে বেশি কষ্ট বা দুঃখ পাই
যখন আমরা বিশেষ কোনও বন্ধ্যা চিন্তা
অথবা ঘটনার স্মৃতি সচেতন মন থেকে 
সাময়িক অবচেতন হয়ে আপন অচেতনে 
নিশ্চিন্তে নামিয়ে রাখতে পারি না ।
এর অর্থ - প্রয়োজনানুযায়ী
নির্লিপ্ত হতে পারার সুঅভ্যাস ।
প্রসঙ্গতঃ, গীতাকে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ
ব'লে মানেন বহু প্রবুদ্ধ ব্যক্তি,
অর্জ্জুন কে দেওয়া 
নির্লিপ্তির এই শিক্ষাটির কারণে ।

অভ্যাস-সাপেক্ষ হলেও, মানুষের পক্ষে
এটা যে সচেতন প্রচেষ্টায় অসম্ভব, 
তেমনও কিন্তু না । 
এছাড়া, লক্ষ্য করলে দেখা যাবে -
যারা বাস্তবে সুখী-স্বভাবের,
তারাই এ জগতে সবচেয়ে তাড়াতাড়ি 
নির্লিপ্ত হতে বদ্ধপরিকর ও সফল মানুষ ।