রবিবার, ৬ জুন, ২০২১

কৃপণ

চিরটাকাল গলা-জড়াজড়ি বন্ধুত্ব

অভিমান আর অভিযোগে !

নিয়ম করে চোখে হারাতে থাকে

একে অপরকে

মাসের পর মাস, বছরের পর বছর !


তৃষ্ণা উভয়েরই পায় - দীর্ঘ শুষ্কতার দহনে ৷

শুকিয়ে আসে যখন গলা, 

একে হাত রাখে অপরের কাঁধে, 

না বলেই বুঝে নেয় !


ভালবাসা স্বভাবে কৃপণ ! সচরাচর দূরে থাকে ৷

কেবল কালেভদ্রে আসে জোয়ার ঠেলে দিলে !

একবার পৌঁছে গেলে 

তুমুল ভিজিয়ে যায় হেসে-খেলে ৷


অভিমান আর অভিযোগে আকর্ষণ অত্যধিক !

একের নিশ্বাস অপর-জন প্রশ্বাসে পেলে

বর্তে যায় !

পার্থক্য শুধু সৌন্দর্যবোধের 

হামেশা না খেয়াল করা একটি সূক্ষ্ম মাত্রায় !


ভালবাসার চৌম্বকক্ষেত্রে কি প্রভাব পড়ে তার ?

ঝাঁপিয়ে আসার কালেও অভিযোগ হতে তাই, 

যৎসামান্য হলেও, অভিমানের পানে বেঁকে যায় ?

.

এ দুরন্ত মানব-জীবন

"গড় মান" - বলে একটি প্রথম বন্ধনী চিরকাল রয়ে  যাবে পৃথিবীতে ৷ এই মানে বাঁধা পড়ে থাকবে সেই পরমুখাপেক্ষী মানুষেরা, যারা নিজেদের দিকে সৃজনশীল দৃষ্টিতে তাকাতে জানে না ৷ যারা অলীক ভবিতব্যের দিকে তাকিয়ে থেকে, কলুর বলদের চেতনায়, জীবনভর দীর্ঘশ্বাস ফেলে চলে ৷ একটি মানবজীবনের অন্তরে কী বিশাল সম্ভাবনা রইতে পারে - তাকে বাস্তবে প্রতিনিয়ত আবিষ্কারে ও সদব্যবহারে সমূহ অক্ষম এরা ৷


চেতনার তারতম্যে এর বাইরে যারা, একমাত্র তারাই খুঁজে পাবে - দৈনন্দিন জীবনের ঘন্টায় ঘন্টায়, কেবল অগ্রাধিকারের ভিত্তিতে, কিরূপে সঠিক কর্মটি নির্বাচন মানুষের প্রাথমিক দায়িত্ব হতে পারে ৷ 


কর্ম নির্বাচন একবার হয়ে গেলে, তাকে সার্থক রূপে কার্যকর করারও শতাধিক পদ্ধতি রইতে পারে ৷ এক্ষেত্রে শ্রেষ্ঠতম পদ্ধতিটি অবলম্বন করা চেতন মানুষের দ্বিতীয় দায় ৷


তৃতীয় দায়টি হলো - জীবনের ন্যূনতম সময় খরচ করে শ্রেষ্ঠতম কর্তব্যটি, নিয়মিত রূপে, এমন ভাবে সম্পাদন করা, যাতে সে আপন উৎকর্ষকে ভরপুর উপভোগ করতে পারে ৷


অতঃপর চতুর্থ দায়টি অবধারিত ভাবেই হতে চায় - অগ্রাধিকারের ভিত্তিতে, পরবর্তী গুরুত্বপূর্ণ কর্মে, পূর্ব প্রকারে, সচেতন মনোনিবেশ-সক্ষমতা অর্জন করতে পারা ৷