রবিবার, ১২ জুন, ২০২২

উপায়

নৃশংসতা বেড়েছে যে বিপুলহারে,
অবশিষ্ট নেই আর কিছু, এই যুগে,
বিবেকের গুরুত্ব - সংবেদনের দরবারে ।
প্রতিবাদরা প্রতিটি পদে 
এমনই বিপর্যস্ত বিচারের দ্বারে,
যেন তুচ্ছ নেড়ি, 
চিল্লিয়ে যাচ্ছে প্রতিকারহীন, রাস্তার ধারে ।

পুরোনো অভ্যাস বশতঃ, 
মানুষ বুঝতে চাইছে না নূতন ক'রে - 
পাল্টে গেছে যুগ, সেই কবেই,
সময়ের সাথে 
অমানবিক স্বার্থদের অতিলোভী হাত ধরে ।
দিন শেষ হয়ে গেছে সমবেত প্রতিবাদের,
ও ভোঁতা অস্ত্রে 
এ জনমে কাজ হবে না আর ওরে ।

এর পরেও উপায় যা আছে পড়ে
সে হলো একমাত্র আপোষহীন প্রতিরোধ ।
অন্ধ দাসত্বকে না কেড়ে নিতে দিলে 
নিজের ভাল নিজে বোঝার সুস্থ বোধ,
আইন মেনে, শাসকের শক্তির উৎসমুখ চিনে,
আকাঙ্খিত সহযোগ বিনে,
দুর্নীতিকে দিতে হবেই শেষ অবধি ক'রে 
একে একে সব ধার শোধ ।