শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৮

তালা বনাম চাবি


29.09.2015

.

সেদিন নারী ও সুরা,

বলতে আজ কোনও বাধা নেই,

ছিল প্রিয়তর !

.

কঠিন, আসক্ত মোহে, ভেসে

নিজে যথেচ্ছ যেতে যেতে, তোমায়

ভেবেছিলাম, সিঁদুরের বাধ্য বেহালে

বন্দী করে রেখেছি বেশ জড় !

.

কোনও তর্কে না গিয়ে,

খোকনের ছোট্ট হাতটুকু হাতে নিয়ে,

বিশ্বাসী পা যেদিন বাড়ালে, - একা হতে,

অবাঞ্ছিত প্রশ্ন করেছিলাম

- " যাচ্ছ আমার খোকন কে নিয়ে, কেন ? "

.

ক্ষণিকের তরে থেমেছিলে,

অতি সামান্য হেসে,

প্রায় হিস্ হিস্ স্বরে, বলেছিলে

- " ও তোমার ! - এমনটাই এতদিন জানো ? "

.

বোকাই তখন, আবার প্রশ্ন করেছি - " কেন ? "

শীতল, এক ঝলক চাহনি কেবল

জানিয়েছিল - " প্রেমকে আরও অধিক চেনো !

- যা সমানে সমানে জমে ভালো ! হায়,

- এ সত্য, অতঃপর যেন

ঠকেও - বিশ্বাসে চেনা যায় ! "

.

হয়তো জানোওনি কোনও দিন,

- একলা যে পিছনে পড়ে থাকে,

দুঃস্বপ্ন আর সুতীব্র অভিমান

কতটা তাড়া করে

নিজগৃহে পরবাসী তাকে,

অসহায় একাকীত্বের

সর্পিল

জড়িয়ে নেওয়ার ডাকে !

.

তুমি তেমন পাল্টাওনি অবশ্য

দু দশকে,

চাকরি কেবল

পাল্টে গেছে থেকে থেকে ।

হাড় মাস একলা কালি করে

জোয়ালে টেনেছ বাকি জীবনের গৎ,

আর তাই,

সুপুরুষ সন্তান - পেয়েছে তোমার ছায়ায়,

স্বাবলম্বী আদর্শে,

সোনালী সুখের ভবিষ্যৎ !

.

বড় কি আমিও হই নি কিছু,

পরে ?

ইচ্ছার অশালীন ভাষা,

( যেন ছিলামই এক অবিকল চাষা, )

সেই তারপর থেকে,

চিরতরে পাল্টে নেওয়ার হাত ধরে ?

.

তোমাকে আজকাল

ক্লান্ত দেখায়, বুঝি, প্রতি ভোরে !

'ভালোই তো বাসতে চেয়েছিলে'

- সে সত্য ভুলতে না পেরে,

আমাকেও

আত্মগ্লানি তাড়িয়ে বেড়ায় অবিরত !

এ ভরা বিকেলে সাধ হয়

অনেকটা সাহস বুকে ভরে

আরও একটিবার সামনে পৌঁছে যাই !

তোমার পুরানো দুহাতে

মেহেন্দির নতুন গয়না পরিয়ে দিতে

নতুন করে আর একবার হাত বাড়াই !

.

যদি সুযোগ, ভুল করেও, আবার দাও,

বিশ্বাস - নতুন করে যদি করো,

ক্ষমা - অক্ষমকে করে দিতে

লাল টিপ - কপালে যদি তখন ফের পরো,

দেখবে,

বলতে তোমাকে হবেই শেষে, হেসে,

.

- " খোকন !

কাকুটাকে - দ্যাখ, আজও পাগল কেমনতর !

গায়ের জোরে,

সেই - আমাদের হারিয়ে দিয়ে,

বাবা তোর হতেই হলো, শেষে আবারও ! "

.

https://youtu.be/z3UHfi9vpbc

.

.________________________

.


.