বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮

পরাগ রেণু


পেলব যখন তার হৃদয়টি
পূর্ণ সমর্পণ করে বসে
ভালবাসার তথাগত বাধ্যতায়

তোমার দৃষ্টি যদি নেশাগ্রস্ত
খাদকের লোলুপ তীব্রতায়
স্বচ্ছতা তখোনো না বিকোয়

তুমি তখন দেখতে পাও
শঙ্খের আপাতঃ কঠিন হতে
একটু একটু করে বেরিয়ে আসা
এক অতীব কোমল ভঙ্গুরতা,

যা সমর্পণ-মাত্র রক্তাক্ত হতে পারে
তোমার সাময়িক অনবধানে
যে কোনও মুহূর্তের তাৎক্ষণিকে,
একথা জেনেও, দ্বিধাশূন্য সে !

তুমি তখন অনুভব করো,
অথবা, করোও হয়তো না, - হঠাৎ
নাম না জানা পাখির একটি মাত্র পালকে
নিবেদিত নরমের ভারটি - করতলে তোমার !

তুমি একথা ভাল করে জানো
তাকে মুঠোবন্দী করে, তার
স্বাধীনতাকে কোনও ভাবে খর্ব করা -
বিশ্বাসঘাতকতায় - ব্যর্থতার নাম !

অথচ, সে পালকটিকে বাঁচাতেও যে হবে
প্রতিটি ঝড় জলের আগামী হতে,
যে দায় - চিরন্তনে, একমাত্র প্রেমিকের
নিয়তি-নিহিত, প্রেমের আয়ু-উপহার !