মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮

প্রতিবার নতুন করে হতে শেখা

'ভালবাসার রেডিমেড' ব'লে হয় নি কিছু - কখনো !


আদপে - ভালবাসাকে ঘাড়টি ধরে
ক্রীতদাসত্বটি স্বীকার করিয়ে নেওয়া
মানুষের অধিকারে
সবচেয়ে স্থুল অনধিকারটিই হতে হয় !

 

স্বাধীনকে অহংকারের শিকলে বাঁধতে চাওয়ার
নিছক ওস্তাদিটিকে
পরাণের দরজা চেনাতে চাই না তাই আজও !

 

প্রতিটিবার
ভালবাসার সুবোধ ছাত্রটি হতে চেয়ে
নির্ভয়ের বরটি পেতে,
পূর্ণ ভরটিকে - সমাদরের আসন পেতে দিতে,

 

শ্রদ্ধা ও বিনয়ের সংরাগে
হৃদয় পদ্মের প্রতিটি স্বতস্ফূর্ত পাপড়ি
একে একে মেলতে দিতে,

 

কোমলতম কোরকটি -
অবশেষে প্রকাশিত হতে,

 

সব জানাকে অজানায় বিসর্জন দিয়ে, ফিরে,
কেবল
ধৈর্য ও বিশ্বাসের ফুলেল সম্বলে
মৃত্যুর শান্তিময়তার তীরে
নবজন্মকে যেভাবে বরণ করতে হয়,

 

একে অপরের মুখোমুখি পুনর্বার নতজানু হয়ে
নবীনতম আবিষ্কারের বৈধতায়
পৌঁছে - তেমনই যাওয়া যেন থাকে, আমরণ !