বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

শ্রাবণী পূর্ণিমা

বকবক করতে খুব ভালবাসি,
তবে, সে বেশির ভাগই নিজের সাথে ।
বকবক গুলোর 
একমাত্র সাক্ষী হয় তখন সঙ্গের কলম ।

প্রিয়বন্ধুর সাথে 
বহুদিন বাদে দেখা হয়ে গেলে
আবার অন্য রকমের ইচ্ছা জাগে ।
মনে হয়, একমুখ হেসে, ধাঁ করে গিয়ে
সটান জাপটে ধরি সুখী বুকে
আর তারপরেই
নিঃশব্দে কল খুলে দিই 
সামনের মানুষটির এযাবৎ জমে জমে, 
অতঃপর, পড়ি কি মরি উছলে ওঠা
যাবতীয় বকবকের
আর আপন অন্তর্মুখী স্বভাবের গুহায়
ফের ঢুকে পড়তে পারার সুযোগে
একান্ত মনোযোগ সহকারে
পান করতে শুরু করি 
সে স্বতঃস্ফূর্ততার অমৃত-সুধা !

হ্যাঁ ! আবেগ-মাখানো শব্দরা 
মানুষের বুকের গভীর হতে
যখন বেরিয়ে আসতে শুরু করে
বাঁধভাঙা উচ্ছাসে,
তখনই কিছু না কিছু অমৃতগন্ধ
সে বহন করেই থাকে ।

না, নিজের কথা আগ বাড়িয়ে বলতে,
বকবক করতে যেতে, 
একদম ইচ্ছে করে না তখন ।
শ্রবণে শ্রাবণের সার্থক বানভাসি
কজনই-বা প্রাণ খুলে অনায়াস সাঁতারে
উপভোগ করতে জানে ?
.