বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

স্বাধীনতার সুখ

অনেকদিন সময় নিয়েছিলি
কেবল নিজের বাইরে-টুকু চেনাতে ।

আমি, অবশ্য, মেয়েলি সুবিধাবাদে
নষ্ট করিনি এক মুহূর্ত সময় ।
তুই যখন বারংবার মেপে দেখছিলি
মনের সাথে মনের মিল কতটা হয়,
আমি তখন তোকে না বলে,
তোর মনের ফাঁক গলে, কখন যে
সড়াৎ করে ঢুকে পড়েছিলাম
পরাণের ঘরে, সে খবর
জানতেও পারিস নি কখনো ।
অঢেল অবসর পেয়ে
একে একে, নিঃশব্দে, বুঝে নিয়েছিলাম 
তোর আদরের খুঁটিনাটির মাঝে
হবু সংসারখানি আমার ।

ফলতঃ, ফুলের রাতে, 
ছিটকিনি অবশেষে বন্ধ হ'লে,
তোকে প্রায় নিষ্ক্রিয় রেখে
আমার সহসা বিপরীতকরণী
আশাতীত চমকে দিয়েছিল তোকে
আমাকে চেনায় 
তখনো তোর বহুল বাকিতে ।

নিজেকে অত্যধিক স্মার্ট প্রমাণ করা আমি
শুধু জানতাম না তখনো,
সেদিন থেকেই বিরলতম উপহারে 
ছেড়ে দিবি আমার একার উপরে 
বাকি জীবনের 
ইচ্ছেমত প্রতিবারের সূচনার মহার্ঘ্য দায় ।