শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

দ্বিচারী

মানুষ, সরল বিশ্বাসে, আজীবন ভাবে যে - তার একটিই মাত্র মন । আসলে, মন, এ পৃথিবীতে, কোনও মানুষের, একটিই মাত্র কদাপি নয় ।
মনের দুটি ভাগ খুব পরিষ্কার । 

একটি হচ্ছে অভ্যাস-জনিত প্রবৃত্তি, যা চিন্তার কোনও প্রকার প্রয়োগ ছাড়াই দৈনন্দিন অধিকাংশ সিদ্ধান্ত প্রয়োগ করতে সক্ষম, অবচেতন স্তর হতে কাজ ক'রে । মানুষের মস্তিষ্কে এই অবচেতন অংশটির আয়তন চেতন অংশের দশগুণের অধিক ।

অপরটি হচ্ছে সচেতন যুক্তি-বুদ্ধি সমন্বিত চেতনা তার, যা ন্যূনতম কিছুটা সময় নেয় বিচার-বিশ্লেষণে, যে কোনও প্রকার সিদ্ধান্তে উপনীত হওয়ার আগে ।

তবে, অধিকাংশ মানুষের অভ্যাসটি হলো চেতন অংশের validation ছাড়াই অবচেতন প্রবৃত্তির সিদ্ধান্ত execute করা । এখান থেকেই মানুষে-মানুষে বিচক্ষণতায় পার্থক্য সৃষ্ট হয় ।

মনের এই দুটি অংশ সম্মন্ধে আমরা বেশিরভাগ সময়ে অচেতন থাকি । আমরা যখন বলি "মনের চাহিদা", তখন অধিকাংশ ক্ষেত্রে আমরা যুক্তিহীন প্রবৃত্তির চাহিদার কথা বলে থাকি । 

তবে, এক্ষেত্রে কঠিন সত্যটি হলো - যার চেতনা, জীবনের প্রতিটি সিদ্ধান্তের ক্ষেত্রে, যুক্তি-বুদ্ধির বিচক্ষণ প্রয়োগে যত কঠোররূপে আপোষহীন, তার জীবন নিঃসংশয়ে ততই উর্ধ্বস্তরের ।

বাগান

প্রতিটি মানুষ এক-একটি জীবন্ত বাগান । সেখানে নানা প্রকার গন্ধ, যার উৎস কেবল শরীর নয়, অধিকতর গন্ধ তার আবেগে ও আচার-আচরণে ।

এক-একজন মানুষ এক-একরকম ভাবে হাসে । সে হাসির গন্ধ মানুষ-ভেদে আলাদা । মানুষের কান্নারও আলাদা-আলাদা গন্ধ থাকে ।


গন্ধ ভিন্ন হতে হয় মানুষটির পরিচ্ছদ ও প্রসাধনের পছন্দে ।


গন্ধ আলাদা হতে হয় তাকানোয়, হাঁটা-চলার ছন্দে, এমনকি চকিত থেমে পড়ায় ।


আলাদা গন্ধ তৈরী করে মানুষে তার ব্যক্তিগত পড়াশোনা ও চিন্তার বিষয় ।


এ জগতে জোটেও কিছু মানুষ, যারা প্রতিটি সুবাস, পার্থক্য-সহযোগে, অনুভবে পায় । তারা বোঝে - সুন্দর কী অসম্ভব রূপ ধারণ করতে পারে এ বিষ্ময়কর জগতে । কিছু মানুষের আপন পরিবেশের বাগানে, বহুমুখী সুগন্ধের সম্মোহনে, তাদের অনেক সময়ে পাগল হওয়ার উপক্রমও হতে পারে ।