ভালবাসার দায় যেমনই থাক
সে শুধুমাত্র অনুভবের জগতে ।
প্রথম দায়টি হলো, - যে ভালবাসলো,
তার নিজের হৃদয়াকাশে
কোন স্ফূরণ ঘটালো নতুনের !
সেই স্ফূরণ আপন একান্তে
সুন্দরকে রচনা করলো কোন অবধি !
উত্তরণে - চরৈবেতি অবাধ হলো কতদূর !
দ্বিতীয় দায়টি হলো, - যাকে ভালোবাসলো,
ভাব-বিনিময়ে সুযোগ যথেষ্ট পেলে,
তার আন্তর-প্রগতির এযাবৎ বাধা
অপসারণ সম্ভব হলো কতটা !
যে পেল,
পাওয়ার পরে তার জীবন কী
সহজ, তথা আনন্দময়
ও অধিকতর আসান হলো ?
তেমন হলে, তার রেশ প্রাপকের জীবনে
কতটা স্থায়িত্বের আশ্বাস যোগালো !
এরপরেও তৃতীয় একটি দায়
যা হামেশাই আরোপ করে থাকে
মানব-প্রবৃত্তি, বহুলরূপে,
সে হলো "ভালবেসে কী পেলাম ?"
প্রসঙ্গতঃ, ভালবাসা যেহেতু
সাগরের মত, কদাপি অনুমতিসাপেক্ষ নয়,
তাই কোনও দায় থাকে না তার
পাওয়ার অথবা পাওয়ানোর প্রশ্নে ।
ভালবাসা যেহেতু কেবলই পরাণের ধন,
দুটি মানুষ,
এমনকি, চাক্ষুষে একে অপরকে না দেখেও,
জীবনভর ভালবেসে যেতে পারে
অনুভবে ক্রমাগত ধনী হতে চেয়ে,
আপন পরাণের ব্যাকুল তাগিদে ।
শরীর আর মন যদিও ভাবতে থাকে -
ও সম্পত্তিটি অবধারিত তার একার,
তবে, বাজারে যেহেতু কেনা যায় না
ক্যাশ-অন-ডেলিভারিতে
এক পরাণ হতে অপর পরাণে
দুশো-টাকার ভালবাসা,
লাভ-লোকসানের হিসেব
তাই, শেষ অবধি, খাটে না এখানে ।
তাহলে উপসংহারে যা দাঁড়ালো, সে হলো -
ভালবাসার প্রথম দায়টি আবশ্যিক,
দ্বিতীয়টি ঐচ্ছিক
আর তৃতীয়টি অনাবশ্যক ।