ভালবাসা মানে - নাটকে
খুব কায়দা ক'রে পার্ট বলতে পারা ?
ভালবাসা মানে রঙ মেখে সং সাজা ?
ভালবাসা মানে খুশি হওয়ার
অবিরাম অভিনয় আর
আপন বিবেকের স্বতঃস্ফূর্ততার বিরুদ্ধে
খুব পরিপাটি করে পরকে খুশি করে,
আখেরে, আপন মোক্ষম অভিনয়ের
গেম-প্ল্যানটি সার্থক করা ?
ভালবাসা মানে
চমকদার নতুন স্ক্রিপ্টের খোঁজে
হার-জিতের আসরে সূক্ষ্ম বুদ্ধির খেলা ?
খেলতে নেমে ফাঁক বুঝে,
ফলতঃ, অবধারিত শুয়ে পড়া ?
ভালবাসা মানে - জমিয়ে বসেছে আবার
কুটিলতার মেলা ?
সুতরাং চলতেই হবে
সরলতাকে যত উপায়ে সম্ভব
কৃত্রিমতা দিয়ে ঢেকে ফেলা ?
পরাণ বেচারা যেন
সহজিয়া মুক্তির নিতান্ত অভাবে
একতরফা অবসন্ন রয়ে যেতে পারে
পরিকল্পিত প্রবঞ্চনার নিঃসঙ্গতায়,
আপন চাতুরীর কর্তৃত্বের কাছে
বারংবার বাধ্য পরাজয়ে, আজীবন
এবং সারাবেলা ?