ভালবাসা সম্ভোগ চায় ।
তাই জমে ওঠে নিবিড় প্রেম
পরশের নিভৃত সোহাগে,
মন্থন আপন উৎসে যখন
অনবরত খুঁজে পেতে থাকে
সৃষ্টির উৎকর্ষ ও উৎসারণ,
বরষণ-সিক্ত উন্মীলনে
সুন্দরতর
প্রকাশিত হয় দিব্য পরিনতিতে
আপন অন্তর হতে,
পরাণে গভীরতার আরাধনায়,
কাছের আমি
কাচের দেওয়ালের ওপারে
দূরের আমিকে
সাক্ষাতে যখনই ছুঁতে পায় ।
এ জাগৃতি
দীন কোনও মানব বা মানবীর
শরীর-সীমিত বিধান নয় ব'লে
মানবিক - অধিকতর,
তাই, কৈফিয়ত চায় না কখনো ।
নিষ্পেষণহীন শীৎকারের পরিসরে
কেবলই ভালবেসে যায়
সেবা আর ক্ষমার পরিচর্যায় ।
এক হতে বহুর বন্ধুর পথে
মানুষকে আর বাকী জগৎকে
পরস্মৈপদী ভালবাসতে শেখায়
সদা-প্রসন্ন সেবার তূরীয় চেতনায়,
সমূহ আত্মনেপদী ব্যাকরণে ।
ভালবাসা ইত্যবসরে
সম্ভোগকে পায় পৃর্ণমাত্রায় ।