বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি, ২০১৯

ও ভোলা রে

শরীরের সাথে অশরীরীর দ্বন্দ্বে ক্লান্ত
ও আমার ক্লিন্ন ভ্রান্তি-যাপন

শুদ্ধে হোক অথবা কোমলে,
পার্থিবে - আমার-তোমার ভেদ,
অধিকার-বোধের নিরিখে অহরহ
পাই-পয়সা চুলোচুলির হিসেব -
মৃত্যুবাণ হানছে আজও, আড়ালের
নিষাদ-লোলুপ তীব্রতরতা হতে
আমাদের
বাঁচার সরল ও সোচ্চার উৎসবে !

আগ্রহের উত্থান, অযাচিতের বিস্ময়,
সাযুজ্যের কারুকার্য, আনন্দের ভাগ,
নৈকট্যের মাতোয়ারা পরশে
পলকে তুরীয়কে ছুঁতে পারে, অথচ,
কেবলমাত্র
হৃদয়-উৎসারিত অপার্থিবে
স্বতঃস্ফূরণের - সার্থক দমকে দমকে !

সালোকসংশ্লেষী আলোকপর্ণা

তুমি আমি মুখোমুখি
মাঝে রয় অদৃশ্য নগর ।
চাক্ষুষের সীমা বিনে
মেহসুসের অখণ্ড অবসর ।

 

কখনো দরবারী আর
কখনো নেহাতই বেহাগে
সোহাগের সুরে যেথা
প্রাণকোষ প্রসারে বিহগে !

 

তুমি আমি বাঁধা নেই
স্থাবরে, অসুরের ডোরে
দোসর বাসর সাজায়
সঙ্গতে, স্বাধীন পরিসরে !

 

কার কিবা এলো গেল
সে নগর কোথায় বিরাজে
তোমার আমার যথা
যোগ নিবিড়ে আজো বাজে ।
.