মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

ছাড়া ছিল না

ভেবো না কখনো
প্রকৃতি তোমাকে শিকলে বাঁধতে চাইবে না ।
তুমি বার বার বাঁধা পড়ে যাবে,
কারণ, তার পদ্ধতি ও পথ 
তোমার চেতনে অধিকতম অচেনা ।

শরীর কারও জন্য চিরটাকাল রইবে না ।
অথচ শরীরে না পেলে
তোমার ঘুরে-ফিরে মনে হতেই হবে, যে -
আশ কিছুতেই পুরোটা মিটলো না ।

তোমার প্রারব্ধ
বহন করে এনেছো ইতিহাস হতে
একার এককে ।
আমি তাকে নিশ্চিহ্ন করতে পারি না ।
সে ভুল দৃষ্টিকোণে নিয়েই যাবে,
যে তোমাকে ঢেলে দেবে, অকারণে
নিদারুণ একাকিত্বের যন্ত্রণা ।
সে কষ্ট আমার আজও সহ্য হয় না ।

তোমারই নিকটে
উপেক্ষিত হবে আপন পরাণখানি,
যে তোমাকে দেখাতে পারতো
সত্যের সম্যক রূপ,
যার বরে চিনতে পারতে তুমি -
"যতটা নিকটে ছিলে সেদিন
তার থেকে আজ একচুলও কম না ।"

ভালবাসার অপমৃত্যু ঘটতে পারে
কেবল শরীরের স্তরে ।
শরীরের মত 
অযাচিতে বিশ্বাসঘাতক নয় ব'লে
ভাবতে পারা সহজও নয়, যে -
পরাণে তেমনটা খুব একটা ঘটে না ।

সুফলা ও বিফলা

ওটা-কে 
মোটেই ভালবাসা বলে না, বোকা !
ওটা ধোঁকা ।
নিজের ফ্রীজে পুরে রাখবে 
একটা জীবন্ত মানুষ কে
সময়মত, আশ মিটিয়ে খেতে ?

মা যেভাবে সন্তানকে বাড়তে দেয়
তেমনটি না করে,
একটা মানুষকে, অযথা হড়বড়ে
একার অধিকারে পেতে

মুঠোর মধ্যে এতটা পুরতে চেও না
যেন খাঁচার মধ্যে দমবন্ধ হতে হতে,

একদিন সে পালিয়ে বাঁচে 
হাঁপ ছেড়ে,
তারপর থেকে আবার
সহজে বুক ভরে শ্বাস নিতে

আর 
জীবনের অপার দিগন্তে
নতুন ক'রে স্বাধীন ডানা মেলে দিতে ।