বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

Journey

 

আসক্তিরা 

যে লোহার শিকলে মানুষকে বাঁধে

অধিকাংশ মানুষের সাধ্য নেই সে শিকল কেটে 

মুক্তির আকাশে ডানা মেলে 

আনন্দে অবগাহনকে স্থায়ী ও সুনিশ্চিত করার,

যে অবধি জ্ঞানালোকের প্রদীপটি

উজ্জ্বলতরতায় পূর্ণ-সহায় না হতে পারে তার !


বিরহ বহু প্রকারের হয় !

যে বিরহ যত অধিক স্থুল চাহিদার কারণে,

সে তত সাময়িক ও তীব্রতর উথাল-পাথাল !


বিরহ গভীরতর সংবেদীও হতে পারে ৷


ভাল তো আপন নিয়মে ভালবাসাবেই !

ভালবাসা মূলতঃ চায় শর্তহীন উপহার হতে ৷


পরাণের স্বতঃস্ফূর্ততাকে মূলধন করে

তুমি হয়তো আপন নিবেদনকে অঞ্জলি দিতে

পায়ে পায়ে পৌঁছালে হৃদয়ের দুয়ারে কারও ৷

তবে, পৌঁছানোর পরে-পরেই আবিষ্কার করলে -

তার আসক্তিরা ইতিমধ্যে জেগে উঠে

প্রায় পুরোপুরি কব্জা জমিয়ে ফেলেছে তার উপরে ৷

তোমার বিনিময়-মূল্য-হীন উপহার গ্রহণের ক্ষেত্রে

তাই শর্তারোপ করতে উদ্যত সে,

যে শর্তের মাধ্যমে অর্জিত হবে বন্ধনের অধিকার !


তুমি খুব ভাল করে জানো,

যে কোনও শর্ত স্বীকার করা মানে

ভালবাসার শুদ্ধতাকে 

স্বর্গ হতে মর্তে পতনের সুবন্দোবস্ত করা ৷


সুতরাং তুমি বাকরুদ্ধ

এবং অসুন্দরকে সামান্যতম প্রশ্রয় না দিতে 

বদ্ধপরিকর হওয়ার কারণে

বাধ্য প্রতিবাদহীনও ৷


হ্যাঁ, তোমার কাছে সত্যটি স্বচ্ছ পরমুহূর্তেই ৷ 

তুমি ভুল বসন্তে পৌঁছে গেছিলে ৷

লগন আসেনি যে তখনও তার !


তোমার ফেরার পালা এবার !


সুযোগ আসেনি তোমার আগে কখনও

এমন অভিজ্ঞতার !

তুমি ঠারে ঠারে জানতে পেলে,

নির্লিপ্তি - চরৈবেতির দায় ফের কাধে তুলে নেওয়ার 

ঠিক আগের মুহূর্তে, বিরহের সংবেদী পরশ 

ছুঁতে পারে কোন সে নিকষ গভীরতা !