- তোমার তো সংসার আছে ।
- তা আছে ।
- তোমার বরের কি মেয়েদের প্রতি ছুকছুকানি আছে ?
- কই না তো ।
- একমনে ভালবাসে তোমাকে ?
- তাই তো মনে হয় ।
- তুমি ভালবাসো না ?
- হ্যাঁ, অবশ্যই বাসি ।
- আমারও সংসার আছে ।
- জানি তো ।
- আমি আমার সহধর্মিণী কে ঠকাবো না কোনওমতেই কখনও ।
- জানি তো ।
- কি পাবে তবে আমার কাছে ?
- পেতে চাইনি তো কিছু । চেয়েছি কখনো ?
- তাহলে আসো কেন এত বার, ঘুরে ফিরে, কোনও না কোনও অজুহাতে ?
- আচ্ছা, উত্তর দিচ্ছি তোমার প্রশ্নের । তবে তার আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে ।
- বেশ, বল ।
- তোমার ফ্ল্যাটে বা বাড়িতে ফুল ফোটে ?
- আমার বাড়িতে বড় বাগান আছে, ফুল ফোটে ।
- কোন ফুল ফুটলে সবচেয়ে আনন্দ হয় তোমার ?
- গোলাপ ।
- গোলাপের কত রকম ভ্যারাইটি হয় জানো ?
- অনেক রকমের হয় জানি, সংখ্যাটা জানি না ।
- তোমার স্বপ্নে এমন কোনও গোলাপ আছে, যা তোমার বাগানে নেই ?
- স্বপ্নে দেখিনি কখনও, তবে পৃথিবী জুড়ে যত গোলাপ বাগান আছে, সুযোগ হলে, একটা একটা করে দেখার বাসনা আছে ।
- যাঃ, ফেঁসে গেলে ।
- কেন ? কি করে ফাঁসলাম ?
- বলছি বুঝিয়ে । ধর সেই বিখ্যাত গোলাপ বাগানের একটাতে গিয়ে অনেক রকমের মধ্যে একটি বিশেষ গোলাপ তোমার একটু বেশিই ভালো লেগে গেল । এমন তো হতেই পারে ! কি করবে তখন ?
- অনেকক্ষণ ধরে দেখব, অন্য গোলাপদের দেখে আবার ঘুরে ফিরে এসে দেখব, যত বেশি সান্নিধ্য পাওয়া যায় ভরে নেব স্মৃতির কোটরে ।
- বাঃ । চমৎকার বললে । আচ্ছা, বাড়ির গোলাপকে ঠিক এমনকরে সময় দিয়েছো কখনো ?
- না ।
- বাড়ির গোলাপ দিয়ে ঘর সাজিয়েছো কখনো ?
- হ্যাঁ, অনেকবার ।
- তাহলে তো ছিঁড়তে হয়েছে ফুল, গাছ থেকে, আপন সুখের স্বার্থে ।
- তা বলতে পারো ।
- যে বিখ্যাত গোলাপ বাগানে গেলে, তার ফুল কোনও দিন পারবে ওভাবে ছিঁড়তে ?
- প্রশ্নই নেই কোনো ।
- আচ্ছা, আবার ইচ্ছা করবে তোমার সেই বিখ্যাত গোলাপবাগানে যেতে ?
- নিশ্চয়ই করবে ।
- যদি অনেকদিনের জন্য ঘরের বাগানকে ছেড়ে আসতে হয় ?
- হ্যাঁ, তবুও ।
- তাবলে, বাড়ির বাগান কি পর হয়ে যাবে ?
- নিশ্চয়ই না । কিন্তু এতসব প্রশ্ন করছো কেন ?
- প্রশ্ন করিনি তো ।
- তাহলে কী করলে এতক্ষণ ধরে ?
- তোমারই মন থেকেই তোমার অবুঝ প্রশ্নের উত্তর খুঁজে দিলাম । মিলিয়ে নাও এবার এক এক করে ।
মানুষও ফুলের পারা সুন্দর ও সুগন্ধী । তার মধ্যে কে তোমার অন্তরে ভালবাসার উৎসমুখটি কেমন করে, কবে, কীভাবে আগলহীন খুলে দেবে, সে তুমি আগে থেকে জানো না । কিন্তু জীবনে যখন তেমনটি ঘটবে, সে টানবেই তোমাকে তার দিকে । আর তোমার পরাণ শরীরকে বগলদাবা করে বারবার ছুটে যাবে তার পানে । তার মানে এই নয় যে, তার আপন বৃন্ত হতে উতপাটিত করে, তুমি তোমার একার ভোগে ব্যবহার করতে চেষ্টা করবে তাকে ।
একটি সত্যের নিকটে আর সব বাস্তবকে গৌণ হতে হবে তখন আর সে সত্যটি খুব সহজ । সে হলো - "তুমি সুন্দর । আমি ভালবাসি ।" তার আর পর থাকতে নেই কোনও ।