রবিবার, ২ জুন, ২০২৪

সন্ধানে

সম্ভবতঃ, সাতাশটা বই

প্রকাশিত হয়েছে এযাবৎ

কবিতা ও ছোটগল্প মিলিয়ে।

অসংখ্য সাহিত্যানুষ্ঠানে সমাদৃত

ইতিমধ্যে।

এদিকে

স্বামী-সন্তান নিয়ে ভরপুর সংসার।

তবে, বর্তমানে সমস্যা অন্যত্র।

পুরুষে যেমন সাতান্নতেও 

মানুষের আগ্রহ যত,

নারীতে বিয়াল্লিশ পেরোলেই

ঘরে-বাইরে

আর তেমনটা যেন নয়।

লেখার বৈচিত্র ও ধার

কালের নিয়মে

একলা দীর্ঘশ্বাসের চাপে

বাধ্য হয়ে পাল্টে গেছে তাই।

বেশ কয়েক বছর যাবৎ

তিনি এখন শুধু দীর্ঘ কবিতা লেখেন,

যার মর্মার্থ ঘুরিয়ে-ফিরিয়ে  - 

"নিশ্চিন্তে এগিয়ে আসুন।

ঠকবেন না

আর কোনও প্রবেশমূল্য নেই।"