ঘরের থেকে অনেক দূরের পথ পেরিয়ে
অজানা জগতে প্রথম পৌঁছে গিয়ে
অচেনা প্রকৃতিকে আবিষ্কারের সময়
একের পর এক পুলকিত শিহরণ
সহসা আস্বাদনের উৎসবে
ফের চেনা মানুষের সাত-পুরোনো অভিব্যক্তি
পুরো কাবাব মে হাড্ডি ।
পরের জন্মে, শ্লা, হারগিস নিয়ে যাব না সাথে ।
অচেনা প্রকৃতির মায়াবী অবগুন্ঠন
পরতে পরতে উন্মোচনের সময়,
মানো অথবা না মানো,
একজন অচেনা মানুষের
বড্ড প্রয়োজন পড়ে
সমানতালে
পরস্পরকে আবিষ্কারেও উত্তাল হতে ।
ঝাঁপিয়ে, দাপিয়ে, ফিরে আসতে পারে
রোমাঞ্চের অকৃত্রিমে, জীবনের প্রথম উনিশ,
এক জনমেই ফের আরও একবার ।
যাবে ? ভাবলে মজা করছি ?
এ জনমে হতেই পারে,
তবে হয়তো আক্ষরিকে পুরোটাও না !
.