বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

প্রাপ্তি

একটা কালো কুকুর 
রাস্তার ধারের ছাইয়ের গাদায়
দিনরাত শুয়ে-বসে থাকে
আর যে যায় পাশ দিয়ে
তাকে চুপচাপ মাপতে থেকে যায় ।

একটা খয়েরি মদ্দা
একটা সাদা মাদির সাথে
অথচ, সবসময়েই খেলে আর লাফায় ।
ওরা চেনে আমাকে ।
দেখলেই উচ্ছলতায় ঘি ঢালে,
খুশি হওয়া প্রকাশ করে নানান উপায়ে ।

আমাকে বেরোতে দেখলেই উঠে পড়ে,
দুজনে লাফাতে লাফাতে, খেলতে খেলতে,
আমার সাথে মোড় অবধি যায় ।
তারপরে অপেক্ষা করে ।
ওরা জেনে গেছে ফিরবই আমি
দশ থেকে পনেরো মিনিট পরে ।
ফিরতে দেখলেই 
ফেরে ফের সাথে সাথে, গরর-গররে
প্রাণের আনন্দে লাফাতে লাফাতে ।

ওদের খেতে দিই নি কিছু কখনো ।
তবুও ওরা আমার সঙ্গ পেলে যে 
প্রভূত আনন্দ পায়,
সে কথাটি নিয়ম করে বুঝিয়েই দেয় ।
ভালবাসার সুযোগ পেয়েছে ব'লে
লাভ-লোকসানের করুণ হিসেবে 
যথারীতি আটকে পড়ার মত
কৃপণ আদপেই ওরা নয় ।

এ জগতে এখনো বহু প্রাণ বাঁচে এমনতর,
এমনকি মানুষেও মেলে,
যারা মুখ ফুটে চাইতে আসে না কিছুই,
আপন আনন্দের উৎসটি সঠিক চিনে নিয়ে
ভালবেসে, হেসে, বিরামহীন আত্ম-উদ্ভাসে 
সুখের পরকাষ্ঠা খুঁজে নিতে পায় 
অবিশ্বাস্য আত্মমুখাপেক্ষায় ।

নিরন্তর হনু

সত্য - তিক্ত শোনাতেই পারে ।
তোমার সবচেয়ে বড় সীমাবদ্ধতা
লুকিয়ে রয়েছে ক্ষুদ্র একটি বদভ্যাসে ।

যে কোনও মানুষের মধ্যে
মানবিক গুণের আকস্মিক বিকাশকে
আবশ্যিক ভাবে সুন্দর হতেই হয় ।
অথচ তোমার নজরে
তেমন আবিষ্কার ধরা পড়া মাত্রই
থমকে যাও ।
চাইলেও, দরাজ হৃদয়ে ও মুক্ত কণ্ঠে
অভিবাদন জানাতে পার না সর্বদা ।
"দেখই নি" - এমন ভাব দেখিয়ে সরে পড় ।

তোমার অহমিকা 
তাৎক্ষণিক হীনমন্যতায় আক্রান্ত হয়ে
বারংবার 
বলতে শুরু করে কানের গোড়ায় -
"তুমিই বা কম কিসে ?
কী এমন দরকার আছে তোমার 
পরকে প্রশংসা করার ?"

ফলতঃ, অপ্রত্যাশিত সুযোগ এলেও,
শিশু-সুলভ ভালবেসে ফেলার
অভ্যাসের অভাবে,
আত্মস্থই করতে পারলে না
সদ্য আবিষ্কার করা নূতন গুণটিকে
এ জীবনে আর ।

বেকুবের ব্যক্তিস্বাতন্ত্রে মাকাল,
ঘাড় শক্ত করে দাঁড়িয়ে রয়ে গেলে
আরবুঝো স্থবিরের বিপরীতমুখিতায়,
যখন অন্যরা, 
তোমাকে কম গুরুত্বপূর্ণ বুঝতে পেরে,
হাসতে হাসতে পেরিয়ে গেল অবহেলায়,
তোমারই পাশ দিয়ে, একে একে, অবিরাম।

উপসংহার

"সুন্দর" শব্দটি লেখা থাকে না
একটিও মানুষের গায়ে ।
অনেকেই, অবশ্য,
অনেক রঙ মেখে-টেখে
সুন্দর দেখাচ্ছে জেনে
মহানন্দে রওনা দেয় ।

আমি কিন্তু 
আসল সত্যিটি জানি ।
বেখেয়ালি মন ব'লে,
এক-একটি ক'রে
রাখেনি সে হিসেব কখনো, 
কত রকমের বিরল গুণ
সাজিয়ে বসে আছে এযাবৎ 
নির্বিবাদ নৈঃশব্দ্যে 
চরিত্রের বাগানটিতে তোমার ।

তোমাকে না ব'লে
তোমার মধ্যে 
যখন তখন ঢুকে প'ড়ে
আমি মাঝে মাঝেই
বিরল পুষ্প-সুবাসে 
বিভোর ও স্তম্ভিত হয়ে যাই ।

না ! এ পরিসংখ্যানে 
আবেগজনিত অস্বচ্ছতার 
বিন্দুমাত্র প্রবেশাধিকার নেই ।
শ্রদ্ধা তোমাকে বাধ্য করতেই হয়
আপন অর্জিত প্রাপ্যের গুণে ।
একপ্রকার অসহায় হয়ে প'ড়ে তাই 
ভালোও না বেসে পারি না ।

অবশ্য, মোহ আর ভালবাসার
পার্থক্য মাপতে পারে না যারা,
তারা আবার গম্ভীর হয়ে 
মাঝেমধ্যে বলতেই যায় -
"বেয়াদব ক্ষুধার তাড়না
আজও অবধারিত উৎস ব'লে,
ভালবাসাকে অন্ধ হতেই হয় !"