ভালবাসার ঘোরটি লাগা মাত্রই
তুমি অন্য একটা মানুষ হতে শুরু কর ৷
তুমি কি খেয়াল করেছ কখনো,
তোমার এযাবৎ অভ্যাসদের
বল্কল ছিঁড়ে বেরিয়ে আসতে চায়
সম্পূর্ণ নূতন আর একজন তুমি,
যাকে নিজেই চিনতে না
এই সবে মাত্র কিছু দিন আগে ?
ভালবাসা তোমাকে সুন্দর করে না
একথা আমাকে বিশ্বাস করতে বলো না ৷
তবে, ভালবাসার সাথে জোড় বাঁধতে চায়
যেমন কামনা, তেমনই শ্রদ্ধা ৷
যে রঙের স্থায়িত্ব যত কম অথবা বেশি
সে তেমন আবীরে রাঙায় তোমাকে ৷
প্রকৃতপক্ষে প্রতিটি মানুষ
সজ্ঞানে অথবা অজ্ঞানে
সুন্দরের প্রাণ প্রতিষ্ঠাতা ৷
তুমি কাকে কবে ভালবেসেছিলে
এটা তেমন গুরুত্বপূর্ণ নয় ৷
ভালবেসেছিলে ব'লে,
প্রবল আত্মবিশ্বাসের তোড়ে
অনুভব
প্রাণবন্ত গতিময়তা পেয়েছিল ব'লে,
উদ্ভিন্ন সুন্দর হতে পেরেছিলে,
খুঁজে পেয়েছিলে বাঁচার অনস্বীকার্য মানে,
আপন অন্তরের আকুলতা, ব্যকুলতাদের
সম্ভাব্য সর্বাধিক তীব্রতা সহ
জীবনকে সবচেয়ে বেশি ভাল লেগেছিল,
এটাই চিরাচরিত সত্য ৷
আর বাকি সব মিথ্যা জেনো ৷
এমনকি সে হতভাগা, নাছোড়, কেষ্টাও !
কোনও এক মহাপুরুষ কোনও একদিন
এই কারণে লিখেছিলেন -
"আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ
চুনি উঠলো রাঙা হয়ে" !
একটা নূতন দর্শন জন্মলাভ করেছিল এ ধরায়
এই সত্যটির প্রতি নির্ভরে, অস্তিত্ব-বাদ নামে ৷
মানো অথবা না মানো,
তোমার প্রেমের সার কথাটি হলো -
তুমি আসলে ভালবাসতে বড্ড ভালবাসো
আর ভালবাসলেই ওমনি চুটিয়ে ভাল থাকো ৷
ভাল থাকতে চাওয়া তো অন্যায় নয় কোনও ৷
আর এই ভালবাসতে চাওয়া
তুমি নামক মানুষটি তোমার এ জীবনের
প্রথম ও সর্বশেষ সত্য ৷
"কাকে ভালবেসেছিলে ?"
আরে ধুসস ! ওটা আবার কোনও প্রসঙ্গ নাকি ?
একবার নয়, যতবার খুশি পরীক্ষা করে নিও
আপন জীবনে -
"ভোগে ভালবাসা মরে, বিহনে ভালবাসা বাড়ে ৷"
.
https://youtu.be/TcCPQrrI1jM
.
.