রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

মুখোশধারী

সে থাকে আড়ালে তোমার।
অবচেতনের স্তরে
বন্ধুরূপী কুটিলতম শত্রু,
সুযোগসন্ধানী আপন প্রবৃত্তিগন।

সফলরূপে প্রতিরোধ করার আগে
প্রথমে মুখোশধারীকে 
ঠিকঠাক চিনতেই হয়।
সে সর্বদাই নিজেকে আড়ালে রাখে।
আড়ালে অপেক্ষায় থাকে
নিঃশব্দে ওৎ পেতে
ফের শিকল পরানোর অপেক্ষায় ।

সে অধিকতর ধূর্ত 
তোমার সাময়িক চেতনার চেয়ে।
সে শীতলতর ও ধীর, 
যাতে তুমি একবারও সন্দেহ না কর।

সে নিরন্তর ছলনাময়ী
এবং সফল উত্থান-প্রতারক।
অনগ্রসর তোমার তাই এযাবৎ 
মধ্যবিত্ত জীবনের বাধ্য নিয়তি।
সে তোমার জেদকে
কুরে কুরে খেয়ে নেয়, প্রতিবার
ক্লান্তিকর চিন্তার 
ও আলস্যের অভ্যাসের ফাঁকে।
নিজেকে তাই মুক্ত করতে পার না
কিছুতেই।
মুক্ত নয় ব'লে ধারণ করতে পার না
একনিষ্ঠ নিয়মানুবর্তিতা।
ঊর্ধ্বগামিতার পথে
তোমার কষ্ট আর ভয় হয় আর
সে যন্ত্রণা হতে হাঁপ ছেড়ে বাঁচার জন্য
মরীয়া হয়ে পথ পাল্টে নাও অচিরেই।
লোভী তোমার বিপথগামিতা-জনিত
প্রতিবারের দুর্বলতা-বিলাস
তার অবধারিত জয়ের আকর।