কলম নথিবদ্ধ করে
সেদিনের ভাবের টাটকা চলনটুকু তোমার ।
ব্যাজার মানুষ আবার বড্ড বেশি খোঁজে মানে ।
যেদিন যেদিকে যাও,
তার রেশ পড়ে থাকে শব্দের প্রেয়সী-চয়নে,
কখনও আবার আঁকা ছবিতেও
আর গানে, পছন্দের শৈল্পিক টানে ।
স্থবিরের আসক্তি থাকে না সহসা স্নানে ।
তোমার নিয়ত অবগাহনে সৃষ্ট অনুরণন
আমাকে কেমন নিঃশব্দে অনুসরণ করায়,
তোমার, যেতে যেতে, হঠাৎ পিছন ফেরা-রা
তা যেই টের পায়, ওমনি মুচকি হাসে,
কারণ - হামেশা, অধিক স্বচ্ছ ভাবে জানে ।
না আমি তোমার অনুকরণ নয়,
আর নয় বলেই, আমার মনের মেঘ
অচিরে ধেয়ে আসে
বিধুমুখী তোমার, লক্ষ্মীমন্ত চলনে সৃষ্ট
জেটের ধোঁয়ার পারা
সুদূরে হারানো রেখার পানে ।
তারপরে, অবশ্য, তুমিও জানো না
আর আমিও না,
আরও দূরের আকাশে মিলিয়ে যেতে যেতে
কি কথা হয় উভয়ে, বিরল নিভৃতে
উত্থানের অবধারিত সোপানে
বিনিময়ের বিবিধ ঐক্যতানে
সুসহযোগের সমর্পণী কানে-কানে ।
"মানুষ"- এই নামটি শ্রেষ্ঠতম কেন জানো ?
কেঁদে ফেলো না যেন নিজেকে চিনে !
মানুষই, আসলে,
শুধু ভালোবাসার তাগিদে জন্মাতে জানে ।
.