বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪

ছেদ

বারো বছর পূর্ণ হ'লেই 
তাকে দীর্ঘ এক যুগ বলে ।
অথচ, একটি সুসজ্জিত ফ্ল্যাটে
দীর্ঘ পনেরো বছর বাস করার পরেও
বাসস্থানটিকে কোনও মানুষের
ক্রমশঃ "নিজের ঘর" মনে না হতে পারে ।

আসলে, যাদের সাথে বাস এযাবৎ,
সেই মানুষগুলির মধ্যে ধূর্ত অসহযোগ
ও সস্তা বাংলা সিরিয়ালে দেখা মানবেতর রুচির 
ক্রমাগত কুটিল ও কোপন চর্চা,
পনেরো বছর পরেও, হঠাৎ কাউকে,
প্রবল পরাক্রমে, অন্যত্র বাস ও অন্য সহযোগী, 
খুঁজে নিতে বাধ্য করতে পারে, 
বিবাহ-জাতীয় বন্ধনকে 
এক মুহূর্তের আপোষহীনতার সিদ্ধান্তে 
চিরতরের জন্য অতিক্রম ক'রে ।

স্বভাবে সহানুভূতি-প্রবণ, সহনশীল 
ও সংবেদনশীল মানুষেরও
ধৈর্যের বাঁধ একবারটি উপচে গেলে
সে অবিশ্বাস্য রকমের কঠিন 
ও অনমনীয় হতে পারে
তেমন সিদ্ধান্তের বাস্তবায়নে ।