বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

ফাঁকিবাজ

এমনকি মাটির পুতুল গড়তেও
যথোচিত শিক্ষা 
ও অভ্যাসের প্রয়োজন পড়ে 
আর ভালবাসা, আপন সার্থক প্রমাণে,
মানুষকে অবধারিত নূতনে গড়ে ।

প্রতিদিনের আপোষহীনে
জীবনের আমন্ত্রণ হতে
একমাত্র সুন্দরতরদের
নব নব আলিঙ্গনে খুঁজে,
উদার উৎসর্গের মাঝে
উৎকর্ষটিকে
সচেতন ভাবে ভালবাসতে 
ও গভীর অনুরাগে
আপনতম ক'রে নিতে শিখলে,

স্তরে স্তরে খুলে যেতে হয়
অবারিত ভালবাসার 
এক অদৃশ্য, অবর্ণনীয়, বিদ্যালয়
পরাণের অভ্যন্তরে 
আলোকময় বিবেকের সুনিবিড় সাধন-ঘরে ।

নিজের প্রতি নির্বিরোধে প্রযোজ্য
ইতিমধ্যে শেখা 
সেই অভূতপূর্ব সূত্রগুলি একমাত্র তখনই
অপরের প্রতি সংযত প্রয়োগ চলে ।

যে ধৈর্যহীন অর্বাচীন
নিজেকে ভালবাসতে শেখার আগে
পড়ে গেল পরের প্রেমে,
সে আবোদা
ধপাস করে আছাড় খেতেই 
সবার আগে আগ বাড়িয়ে গেছে
নিছক মোহের ফাঁদে পড়ে ।

মোহ কাটবেই অদূরে, শরীরের স্থুলে
অনেকটা বিফল প্রয়াসের সমাহারে
শেষ অবধি
হতাশদের দলে বাধ্য নাম লিখিয়ে
হঠকারিতার
মূল্য পুরোপুরি চুকিয়ে দেওয়ার পরে ।

ভালবাসার জগতে
"তুমি কোন অবধি নির্লোভ দাতা,
অথবা কতদূর সুবিধাবাদী গ্রহীতা"
এসব প্রশ্নের সৎ উত্তর
একসময়ে ধরা পড়ে যাবেই
নিঠুর বাস্তবে, পরিনতির ইত্যবসরে ।
পারবে না লুকিয়ে রাখতে 
একটিও গোপন কোপন প্রবৃত্তি
অপরের অগোচরে ।

শর্টকাট না খুঁজতে গেলে
জয় অথচ নিশ্চিতই ছিল
ধৈর্যশীল ও একনিষ্ঠ আত্মশিক্ষার বরে ।
.