ভালবাসা আর অধিকারবোধ
মূলতঃ শত্রু - একে অপরের,
তীব্র বিপরীতমুখিতায় ৷
ভালবাসা মানুষকে
আত্মমুখাপেক্ষী স্নানে
নিরন্তর সতেজ আর সবুজ করে ৷
বাড়তে থাকে সে অবগাহনে
ঐকতানের প্লাবন, দিনে দিনে
অবিরাম প্রাণোচ্ছলতায় ৷
অধিকারবোধ - অবশ্যই পরমুখাপেক্ষী !
কুক্ষিগত করার
একতরফা সংকীর্ণ লোভ এর অধিক
আর কিছু নয় ৷
"আমি আর আমার" - এর আবর্ত হতে
কোনও মতে, "আমরা"তে,
স্থায়ী উত্তরণের পথটি না খুঁজে পেয়ে,
অতৃপ্ত মানুষ তাই
প্রভুত্ব-লিপ্সার নিদারুণে, অসহায় হীনমন্যতায়,
কালে কালে ক্রমশঃ শুকিয়ে যায় ৷
ভাল যে বাসতে জানে, সে আগে ভাগে,
অনুরণন-সামর্থে, দিনের প্রতিটি মুহূর্তের
সচেতন কার্মিক রূপান্তর ঘটাতে পেরে,প
ভালবাসার জোরে
যাপনকে আপনতর করে পায় ৷
তারপরে, বিবিধ আপনের সংসর্গে
পরিবৃত হয়ে নির্মল আনন্দের সহবাস করে ৷
আত্ম-সৃষ্টির চমৎকার, শিল্পের আরাধনায়
এমনই সর্বাঙ্গ-সুন্দর বিনীতের পরিনয় ৷
পৃথিবীর যত ক্রমাগত সম্ভোগ-লোভীর
অবধারিত ভিখিরিপনার
এ স্বর্গীয় উৎসবে
দুর্ভাগ্যক্রমে প্রবেশাধিকার নেই ৷
.