শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩

পালটে নিতে পারা

'অন্যকে নিবিড়তর বোঝার 
আগ্রহী অনুরণন বেয়ে,
একই সময়ে, নিজের মধ্য হতে 
সমানতালে
টাটকা বিহানের নিত্য নতুন বৈভব 
আবিষ্কারের অপ্রতিহত নেশা' -
প্রত্যয়ী আত্মিক শক্তির 
এক দুর্নিবার, দ্বান্দ্বিক, খো-খো খেলা ।
সে খেলাই সেরা উৎস - 
জীবনকে সাজিয়ে দেওয়া উপহারে
মাটির গন্ধ মাখা কবিতাদের ।
তেমন স্বাধীন যুগলবন্দীকে
তুমি 'অভিজাত-অনুভব' বল 

আর প্রত্যক্ষ অনুভবে রস, আহা, 
বড্ড বেশি বাস্তব আর গাঢ় ব'লে
তুমি তাকে অলীক কল্পনায়
ফাঁপানো গ্যাস-বেলুনের চেয়ে
একটু বেশিই ভালবাসো ।

তারপর কি হলো ?
ভালবাসার ভালো
বাড়তে বাড়তে, বাড়তে বাড়তে,
তোমার পরাণখানি একদিন
অগত্যা রাজপ্রাসাদের মত অবধারিত 
চোখ-ধাঁঁধানো আলোয় আলো 

আর 

সেই ফাঁকতালে, একটু একটু করে
সব নিরাপদ আড়াল খুইয়ে ফেলে,
এযাবৎ অবদমনে জমাতে থাকা
জীবনের যত-প্রকারের কালো
কবে যে কোন ভিনদেশে পাড়ি জমালো !