মনখারাপেরও একটা বাগান আছে, জানো ?
সব সময়ে খুঁজে পাবে না তার তোরণ !
তবে যখন পাবে, যদি ঠেলে ভিতরে ঢোকো,
দেখবে সে এক উল্টোর জগৎ !
মনখারাপরা সেখানে গাছে গাছে
হেঁটমুণ্ড-ঊর্ধ্বপদ হয়ে পাশাপাশি ঝুলে আছে ৷
তারা শাস্তি পেয়েছে উপর্যুপরি পরনির্ভরতার !
অপরাধবোধে
কথা বলছে না তাই কেউ কারও সাথে !
অর্জন-লভ্য লক্ষ্যকে অবহেলার ঔদ্ধত্যে,
তারা গতির আনন্দময়তা হতে
স্থবিরতার জগতে পৌঁছে, বিরূপতার দীক্ষায়,
অবসাদের লোহিত-ক্ষরণ ক্ষতের যন্ত্রণায়,
অসহনীয় ভারাক্রান্ত হতে হতে,
অবশেষে আচমকা বাঁক নিয়ে
হারিয়ে গেছে অবাস্তবের ছাই-রঙা রাস্তায়,
যার শেষে আর কোনও পথ অবশিষ্ট নেই,
নূতন বাঁক নেই, দেখারও নেই কিছুই
দূরে অথবা কাছে,
কেবল আকাশ-সমান উঁচু একটি প্রাচীর
আপোষহীন নির্লিপ্তিতে
প্রতিরোধ হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে ৷
মনখারাপরা নিশ্চিত -
"ভুল - তেমন কিছু হয়নি তাদের ৷"
কাছে গেলে, তাকাতেও পারে তোমার দিকে ৷
তবে চমকে যেও না, যদি দেখ -
তারা তোমাকে চিনেও চিনছে না,
মুখ ঘুরিয়ে নিচ্ছে প্রতিবার
দুঃখবাদী উদাসীনতায়,
শুধরে একবারটি দাও যদি পাছে !
.