শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

স্ফূরণ

অভিনয় অভ্যাসলব্ধ !
চালাকে - বোকারা জব্দ !
কম বেশি, - অনেকে বেশ পারে !
.
অভিনয় বাদই যখন, 
চাইলেই, যখন-তখন,
প্রাণ খুলে হাসতে কজন পারে ?
.
একজন পাগল !
.
আর একজন -
যে হিসেব না করে ভালবাসতে পারে !
.

সঞ্চয় ও সঞ্চার

তার সাথে কথাই নাই তো - কতদিন হলো,
তবু পরাণে বেশ কাছাকাছিই পাই 
অস্তগামী সূর্যের বিরহী বেতারে ।
কি জানি, কে কার ব্যথার কেদার 
কতটা না দেখে রিডিং পড়তে পারে,
কেমন করে, অবিকল একই সুরে !

তবে একথা জানি,
তার ছিলা-ছেঁড়া ডাকে জেগে ওঠা 
হঠাৎ কোনও ভৈরবীর ভোরে
সুবাতাস প্রাণখুলে হাসতে পারে, 
যখনই
যাপনের জটিলতাদের গিঁটগুলো 
খুলে যায়, অনায়াসে, একে একে,
সে উদ্ভিন্ন সারল্যের সরাসরি সুরে,
সঞ্চয় করা যাদের এযাবৎ, এ প্রান্তরে,
জীবনকে, অকারণ ক্ষুদ্রত্বের মোড়কে, 
ভুল জেনে আর ভুল ক'রে ।