শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

বোঝার বোঝা

নারীকে বোঝার ব্যপারে পুরুষের সমস্যা চিরন্তন। 

ঋতুচক্রের উপর নির্ভর ক'রে তার ইচ্ছা কমে বাড়ে। যেমন ঋতুর ঠিক পরের চারদিন ও শুরু হওয়ার আগের নয়দিন তার যৌনাকাঙ্খা সাধারনতঃ বেশি থাকে। আবার মাঝখানে, অর্থাৎ ডিম্বানু নিস্ক্রমণের তিন দিন আগে পরে তার যৌনাকাঙ্খা প্রায় শূন্যে পৌঁছায়। এটা প্রকৃতির স্বাভাবিক জন্মনিয়ন্ত্রনের উপায় যার দ্বারা সহস্র বৎসর পূর্বে বিবাহিত ঋষিরা সন্তানজন্ম নিয়ন্ত্রণ করতেন।

আজকের আবোদা পুরুষ এসব কিছুই না খেয়াল ক'রে ইচ্ছার সময়ে তাকে কম তৃপ্ত রাখে, আবার তার অনিচ্ছার সময়ে প্রবল উদ্যমে মিলিত হয়।

নারী বাধ্য হয়ে এমন পুরুষ খোঁজে, অসময়ে যার কম উদ্যম ও সুসময়ে অধিক উদ্যম তার মধ্যে আকাঙ্খা বাড়িয়ে তুলতে সাহায্য করে ও তাকে শেষ অবধি চরম তৃপ্তি খুঁজে দিতে পারে।

দোষ একা নারীর হয় আর পুরুষ তাই নারীর বিরুদ্ধে অকথ্য ভাষা প্রয়োগ করতে পারে।

শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

ভালবাসার আবশ্যিক দ্বন্দ্ব

ভালবাসাকে আলিঙ্গন করা সুন্দরতম, তথা, শ্রেষ্ঠ জীবনযাত্রা, যেখানে আপনার চরিত্রের অনন্য "না"-গুলো উদযাপন করাও সমান গুরুত্বপূর্ণ। আপনার 'না'-রা সেই গুণাবলী যা আপনাকে সংজ্ঞায়িত করে। যদি কেউ আপনাকে গভীরভাবে ভালোবাসে, তাদের সাথে শেয়ার করুন সেই মূল মূল্যবোধগুলো যা আপনাকে পরিচালিত করে—যে বিশ্বাসগুলো কখনোই টলে না ব'লেই আপনার ব্যক্তিত্ব উজ্জ্বল থাকে।

ভালবাসা এই পৃথিবীতে সুন্দরভাবে বসবাসের সর্বোত্তম উপায়। এই যাত্রায় আপনি অপরকে এবং নিজেকে কী উপহার দিতে ইচ্ছুক তা নিয়ে গভীর ভাবে না ভাবলে জীবন ক্রমাগতই অলিখিত ভুলে ভরে গিয়ে বারংবার ব্যর্থতাকে আমন্ত্রণ জানাতে পারে। আপনার জীবনের কোন দিকগুলো আপনি আনন্দের সাথে ত্যাগ করতে প্রস্তুত আপনার প্রিয়জনের সুখের জন্য? এবং এর সাথে, আপনি কীভাবে সেই মৌলিক মূল্যবোধগুলো ধরে রাখতে পারেন যা আপনার বিশিষ্টতাকে অটুট রেখে, একইসাথে, এই আনন্দময় সম্পর্ককে লালন করতে পারে?

স্বচ্ছ মস্তিষ্কে নিজেকে একান্তে এই প্রশ্নগুলো করা বিশেষ বিচক্ষণতার প্রমাণ:

1. আপনি কি আপনার আত্মশ্রদ্ধাবোধের সতন্ত্র পবিত্রতাকে একটি অমূল্য রত্নের মতো ধরে রাখতে পারেন?


2. আপনি কি আপনার ব্যক্তিগত উন্নতির পথ অব্যহত রেখে, জীবনে ভালোবাসা আহ্বান করতে সক্ষম?


3. আপনি কি আপনার দায়িত্বগুলো পালন করেও আপনার সুখগুলি প্রিয়জনের সাথে ভাগাভাগি করতে পারবেন?


4. আপনি কি আপনার প্রতিদিনের মুহূর্তগুলোতে আপোষহীন কর্মের সর্বোচ্চ মান বজায় রাখতে পারবেন এবং একই সাথে ভালোবাসার অমলিনতাকে উদযাপন করতে সক্ষম?


5. আপনি কি ভালোবাসার স্বাদ গ্রহণ করার সাথে সাথে আপন মূল্যবোধের মানদণ্ডকে উচ্চতর অবস্থানে নিয়ে যেতে পারবেন?


6. আপনি কি পূর্ণতার জন্য আপ্রাণ চেষ্টা  করার সময়ে একইসাথে ভালোবাসার মিষ্টি অসম্পূর্ণতাগুলো সমান গুরুত্ব সহকারে বহন করতে পারবেন?



এই ভাবনাগুলোকে লালন করুন এবং ভালোবাসার আনন্দ আপনাকে সমৃদ্ধ করুক, যখন আপনি নিজের অসাধারণ ব্যক্তিসত্তাকে সঠিকপথে ধরে রাখবেন!

বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

ব্যায়াম


শরীরের ব্যায়াম অনেকেই করে ।

মনের ব্যায়াম নিয়ম ক’রে করে কয়জন ?


ব্যায়াম শরীরের হোক অথবা মনের,

করতে পারলে চারটি ঘটনা অবশ্যই ঘটে ।


১) তার মনে প্রতিজ্ঞাটি তৈরী হওয়া মাত্র

তার মধ্যে ডোপামিন হরমোনের ক্ষরণ হয়

যা তার মধ্যে একটি অতিরিক্ত

উত্তেজনাজনিত

উৎসাহ ও আগ্রহের সূচনা করে ।


২)  ব্যায়াম শুরু করার পরে, পরিশ্রম হতেই,

দ্বিতীয় যে হরমোনটির ক্ষরণ শুরু হয়

তার নাম এণ্ডরফিন, যা ব্যায়ামের পরে

প্রায় চার-পাঁচ ঘন্টা তাকে মানসিকরূপে

অতিরিক্ত উজ্জীবিত রেখে থাকে ।


৩) তিন থেকে চার সপ্তাহ

নিয়মিত ব্যায়াম করার পরে তৃতীয় 

যে হরমোনটির ক্ষরণ হতে শুরু হয় 

তার নাম সেরোটনিন, যা তার

ক্ষমতা ও দক্ষতার বৃদ্ধিকে

প্রকাশিত করতে শুরু করে এবং

সর্বপ্রকার হতাশা তথা দুঃখকে

ধুয়ে মুছে সাফ করে দিয়ে, দৈনন্দিনে,

তার সন্তুষ্টিতে স্থায়িত্ব নিশ্চিত করে ।


৪) পাঁচ থেকে ছয় মাস ব্যায়ামের অভ্যাস

ধরে রাখতে পারলে অক্সিটোসিন নামক

চতুর্থ হরমোনটির ক্ষরণ হয় যা তাকে

অভূতপুর্ব সাহস ও আত্মবিশ্বাসের

জোগান দেয়, মানুষটি যখন থেকে

নিজেকে প্রাণ ভরে ভালবাসতে পারে

প্রবল আত্মশ্রদ্ধাবোধের সার্থক জাগরণে ।


দুঃখ, হতাশা, অবসাদ - এগুলি

মানসিক দৈন্য মাত্র, যা কেবল

শারীরিক  ও মানসিকরূপে

অলস প্রকৃতির মানুষে পরিলক্ষিত হয় ।


শারীরিক ব্যায়াম মানুষকে

মানসিক ব্যায়ামে উদ্বুদ্ধ করে ।

উভয় ব্যায়াম পূর্ণ উদ্যমে করে যারা,

পেটমোটা গনেশ

তাদের ঘরে স্থায়ী ভাবে বাঁধা পড়ে ।


শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

পথ

কালের অমোঘ নিয়মে
তাল মেলে না আজকাল আর
তোমার সাথে তেমন আমার।

ভালবাসা 
বাঁচতেই পারে সুদীর্ঘকাল
যৎসামান্য দূরে,
বাসা ভাঙে না যখন
বেড়া ডিঙিয়ে
জোর করে দখলে এসে।

পরকীয়া দাবী করেছিল 
তরল-বিনিময় আর
আপন, এযাবৎ,
পরম নির্ভরতার সাথে
অবলীলায়, নতুন ক'রে
বিশ্বাসঘাতকতার অধিকার।

রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

মানে

ভালবাসা মানে 
অনুভবে গভীরতার সৌকর্য
অতঃপর স্বেচ্ছায় রক্তে বহন করা।
তার জন্য
বুকে যে নিবিড় ভাবে জড়িয়ে ধরা,
সে কী কেবল শারীরিকে?

যে অন্ধ অধিকারবোধ 
তৃপ্ত হয়নি আপন কামনায়
সে বেচারা তাই বাধ্য হয়ে
'বিদায়' বলেছে অতি সহজে
মোহ হতে ভালবাসাকে
পৃথক করার মত সূক্ষতাটুকু
আপন অগভীর অন্তর-আধারে 
যথাযথ ধারণ করতে না পেরে।
.

বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

পরীক্ষা

একজন মানুষ 
একজনকে ভালবেসে 
তার আপনতম হয়ে যখন
মানুষটির পূর্ণ আস্থা অর্জন ক'রে, 

যদি তারপরে
নূতন অপরের প্রেমে প'ড়ে
আপন মরীয়া আবেগের বশে
তাকেও সর্বস্ব উৎসর্গ করে বসে,
তখন প্রথমজনের কাছে ফিরে এলে
তাকে অভিনয় করতেই হয়।

মুখে কিছু প্রকাশ না করলেও
সে তখন আপন বিবেকের সাথে
ও পূর্বের প্রিয়তমের সাথে
বাধ্য হয়ে শঠতার চর্চা করে।
আসলে, তারপর থেকে
সে নিজের অন্তরে
অশ্রদ্ধার নিদারুণ আক্রমণে
অতঃপর অবচেতনে
ক্রমশঃ সঙ্কুচিত 
ও ছিন্নভিন্ন হতেই থাকে।

এখানেই 
সংযমের কঠিন পরীক্ষা তোমার।
ভালো যদি 
সত্যিই প্রাণ ভরে বাসো
তেমন কাউকে কখনো,
তবে তার আত্মশ্রদ্ধাকে 
দরদ ভ'রে বাঁচিয়ে রেখো।
তাকে, নিজের কাছে
কখনও, ভুলেও,
এমন বিবর্ণ ও সর্বস্বান্ত
হয়ে যেতে দিও না।

কবি

জীবনের স্বেচ্ছা-চয়নে 
একাকী, রুক্ষ পর্বতারোহণে
প্রতিনিয়তঃ ক্ষার-স্বাদ আহরণে
তৃপ্তির যে নেশা কাটেনি কখনো,
কোমল শব্দচয়নের নিবিড় চাওয়ায়
লিখে চলেছ তাকে পাতার পর পাতায়
কী অবিশ্বাস্য অবলীলায়
ধ্যান-প্রসন্ন আপন ছায়ার তলায়।