সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩

তোমার তুলনা

ভুল, এ জগতে সবাই করতে পারে ।
বারংবার ভুল করতে পারা
সত্যকে 
হাড়ে হাড়ে চেনার আবশ্যিক উপায়  ।

স্বভাবে অপাপবিদ্ধ যারা,
তারাই শুধু আপোষ করতে রাজি থাকে না,
কোনও সর্তে, আপন বিবেকের সাথে ।

সবচেয়ে সস্তারা যেমন ওৎ পেতেই থাকে 
সঙ্গ পালটাতে, প্রেমের আছিলায় ।
সুযোগ পেলেই, ওমনি শুয়ে পড়তে চায় ।

তবে, বিরলতম ক্ষেত্রে, 
যে কোনও একজন মোটে নয়,
যখন উভয়ে অপাপবিদ্ধ প্রকৃতির হয়,
তখন এ ধরায়, মিলন ও বিরহের দ্বন্দ্বে,
গভীরতার ব্যাপ্তিতে 
অতি সাধারণের মাঝেও
স্বর্গের পারিজাতের প্রস্ফুটন সম্ভবপর হয় ।

যে একবার 
সে বিরল কর্ষণের শর্তকে 
আপন যাপনের মূল্যে 
শেষ অবধি শিখেই ফেলেছে, 
তেমন সম্পৃক্তের চকচকে চোখে,
সহজে, এ প্রশ্নটি ছুঁড়ে দেওয়াই যায় -
"বল না গো, 
তেমনটি ঠিক কেমন করে হতে পায় ?"

রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩

বিধান

নিরুপায় যন্ত্রণার নীল
তখন অবশ্যই জীবনের দখল নেবে
যখন কামনার ভারে উপেক্ষিত
ভালবাসার 
সহজাত আনন্দের দম
ক্রমশঃ বন্ধ হয়ে যেতেই হবে ।

প্রগতির উজ্জ্বলতা যখন 
বাসনার 
অধগতি-জনিত অন্ধ উচ্ছলতার কাছে
বাধ্য হার স্বীকার ক'রে নিয়ে,
লক্ষ্মণের গণ্ডী, বেখেয়ালে
পায়ে পায়ে পেরিয়েই যাবে ।

আপন, নিরপেক্ষ বিবেক হতে 
ছিনিয়ে আনা
পরিচালকের একক অধিকার 
নিজে হাতে ক'রে 
পরম স্বার্থপর
প্রলুব্ধ শরীরের আগ্রাসী করে 
নির্দ্বিধায় তুলে দেবে আর
অবধারিত নিয়তির করাল ভবিতব্যকে 
নির্বাক যান্ত্রিকতায়, শেষমেষ
অসহায় আমন্ত্রণ জানাবে ।

বলছো, সে বিবশ পরিধান 
অতঃপর অভূতপূর্ব মানাবে ?
.

শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩

জীবন-গান

যতটা কাছে এলে, অনায়াসে
ছুঁয়ে ফেলা যায় চামড়ার হাত দিয়ে,
ততটা কাছে এযাবৎ আসিনি ।
ভালবাসবে না তা ব'লে, পরাণবাসিনী ?

উত্তর আর দক্ষিণ মেরু
একে অপরকে, একটিবার ছুঁয়ে দিলে
যাবতীয় চৌম্বকত্বের ওখানেই অবসান ।
তেমন না হলে 
গাঢ় হতেই হবে এমনতর গহন অভিমান ?

যতক্ষণ তেমনটা না হয়ে
বজায়ে থাকে ন্যূনতম দূরত্বখানি,
ততক্ষণ প্রবল অনুরাগের টান
আর যখনই
সেই আকর্ষণের চৌম্বকক্ষেত্রের মাঝে
ছলকে পড়ে মন আর পরাণ,
তখনই আগ্রহের প্রাবল্যে 
স্থবিরতার তৎক্ষণাৎ অবসান,
তথা, আপন বিকাশের সমুখে হাজির
দুর্লভ অগ্রগতির আমন্ত্রনী সোপান ।
জীবন যে নিয়মে হয়ে উঠতে পারে
সুন্দরের দিশায় 
অভিনবের সার্থক অভিযান ।

চিরাচরিতে ফের থেমে পড়তে, 
না, চলতে অনন্ত উদ্ভাসের পথে,
চেয়েছিলে কেমনতর পরিণাম ?
.

বরাদ্দ

রাস্তা যখন ক্রমশই আরও সরু
আর আরও খাড়া হতে চায়,
তখন সমতলগামীদের
সংযত হয়ে, বাধ্য থেমে পড়তে হয় ।
তা না হলে, অদূরে, হাজার ফুট নীচে
পাহাড়ের কোলে, প্রপাত ধরণীতলে
নিয়তি হয় ।

কেবল অভিজ্ঞতা, ইতিমধ্যে,
প্রয়োজনীয় রূপে দক্ষ করেছে যাদের
তারা, এরূপ পরিস্হিতিতেও 
না থামার বিশেষ প্রকার সুবিধা পায় ।

সব পথ কি
সকলের সমীপে সমান শুভ হয় ?

আহ্লাদ

খাদ্য, একবার যত্ন ক'রে সাজিয়ে, 
ফের প্লেট সরিয়ে নিলে
যাদের ক্ষুধা অপ্রতিরোধ্য স্তরে পৌঁছে যায়,
সকল মানুষকে 
সেই একই গোত্রে ফেলতে চাইলে
অপেক্ষায় রইতে পারে বিশাল ধোঁকা ।

কারও কারও জন্য, বরং
অনবধানের পরিসরে 
পৈতের মত, তল থেকে ফস্কে রেরিয়ে পড়া
অতি তুচ্ছ একটি ওপরচালাকি
বরাবরের জন্য
হাট ক'রে খুলে দেয় 
বিপরীতের গোপনতম প্রবৃত্তির পরিচয়,
যা বাকি জীবনের জন্য
চিনে রাখতে, 
যত্ন সহকারে, সেদিনই শেষ শেখা ।

সুবর্ণ সুযোগ, সম্ভবতঃ, 
বারবার আসে না দুয়ার অবধি ।
শ্রদ্ধাহীন হওয়ার কারণে,
সম্পর্কের নিয়ন্ত্রণ 
একার হাতে নেওয়ার প্রবল লোভে,
বারণ বিনে, বিপদ চিনতে না পারা যার, 
অযাচিত উপহার
চিরতরে হারিয়ে ফেলার আগে, বোকা ।

মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩

এভাবেও হয়

তাই করে বসে আছি
এ প্রদোষকালে, এমন অচিরে
যা আদপে আমার হয়তো করার নয় ।

ইত্যবসরে, দরাজ উদ্ভাসে হাসছো তুমি,
বাধ্য এসে পড়ে, হাতে হাত জড়িয়ে ধরে,
ভালবেসে, কাঙাল সুখের আঙিনায় ।

শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩

উৎপলা

"কী ঠিক চেয়েছিলে বলো ?
বুঝি না আজো - 
ঠিকঠাক বুঝেছি কিনা তোমায় !
.
অথচ, রাজি বরাবরই ছিলাম -
.
নিয়ে যেতে দূরে - বচ্ছরকার মেলায়,
তবু অভিমানী তুমি !
গড়ের মাঠে পাশে বসে ছিঁড়তে অনন্ত ঘাস,
তবু অভিমানী তুমি !
পেড়ে আনতে যে কোনও আকাশের চাঁদ,
তবু অভিমানী তুমি !
বাইতে নৌকো - জোয়ারের মাঝ দরিয়ায়,
তখনও অভিমানী তুমি !
.
বুঝি, - আজও বিন্দুমাত্র বুঝি না তোমায় !
কী ঠিক চেয়েছিলে ? শাড়ি, গাড়ি, বাড়ি ?
ব্যঙ্গ - আবার নতুন চিত্রে না ফুটিয়ে,
মুখ ফুটে সহজ করে বলো, দোহাই একবার !"
.
নারী, বাধ্য ঘাড় ঘুরিয়ে নেয় - পুনরায় !
আকাশে দৃষ্টি তার করুণতর ভেসে যায় !
এক, নারী বাদে,
কেবল  মহাকাল জেনেছে সে কথা
- "গর্ভধানসুখ বিনা নারীত্বে অহংকার
অবিচল ভারাক্রান্ত অপেক্ষায় !"
.

শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩

পালটে নিতে পারা

'অন্যকে নিবিড়তর বোঝার 
আগ্রহী অনুরণন বেয়ে,
একই সময়ে, নিজের মধ্য হতে 
সমানতালে
টাটকা বিহানের নিত্য নতুন বৈভব 
আবিষ্কারের অপ্রতিহত নেশা' -
প্রত্যয়ী আত্মিক শক্তির 
এক দুর্নিবার, দ্বান্দ্বিক, খো-খো খেলা ।
সে খেলাই সেরা উৎস - 
জীবনকে সাজিয়ে দেওয়া উপহারে
মাটির গন্ধ মাখা কবিতাদের ।
তেমন স্বাধীন যুগলবন্দীকে
তুমি 'অভিজাত-অনুভব' বল 

আর প্রত্যক্ষ অনুভবে রস, আহা, 
বড্ড বেশি বাস্তব আর গাঢ় ব'লে
তুমি তাকে অলীক কল্পনায়
ফাঁপানো গ্যাস-বেলুনের চেয়ে
একটু বেশিই ভালবাসো ।

তারপর কি হলো ?
ভালবাসার ভালো
বাড়তে বাড়তে, বাড়তে বাড়তে,
তোমার পরাণখানি একদিন
অগত্যা রাজপ্রাসাদের মত অবধারিত 
চোখ-ধাঁঁধানো আলোয় আলো 

আর 

সেই ফাঁকতালে, একটু একটু করে
সব নিরাপদ আড়াল খুইয়ে ফেলে,
এযাবৎ অবদমনে জমাতে থাকা
জীবনের যত-প্রকারের কালো
কবে যে কোন ভিনদেশে পাড়ি জমালো !

বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩

সহজ

এ জগতে, অসামান্য দূরদর্শিতা 
ও সৌভাগ্যের অধিকারী তারা,
যারা, যাবতীয় তুচ্ছ, তথা সামান্য কারণ হতে,
চকিতে
অসামান্য হাসি ও আনন্দের উপকরণ
জীবনভর
অনায়াসে প্রতিবার উদ্ভাবন করতে পারে ।

বিজ্ঞ সমালোচকরা, বিদ্বান যতই হোক,
অথচ প্রকৃতপক্ষে
এক-একটি নিখুঁত পরগাছা,
আপন পরমুখাপেক্ষা আড়ালে রাখতে যারা 
পরকে সাক্ষী মেনে 
অহরহ পরের বিচারে ব্যস্ত হয়ে পড়ে ।
যদিও আরোপিত মহত্বের কাঠিন্য
হাসির সরলতার ও তরলতার কাছে
সদা-সর্বদা, কম-সে-কম দশ গোলে হারে ।

সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩

দূরের মিল

এমনও অবসর জুটতে থাকে
আমাদের নিয়মে ঘরোয়া অবেলার

শহরের ঘিঞ্জি আর 
পোড়া ডিজেলের ধোঁয়া পেরিয়ে,
একসময় এসপ্ল্যানেড ছাড়িয়ে,
গড়ের মাঠের গাঢ় সবুজে
এঁকেবেঁকে ঢুকে পড়েছে যেই
তোমার পরাণের দাপুটে ট্রাম

গঙ্গার পশ্চিম পাড়ের 
উজ্জ্বল লালের ছটা 
প্রবলতর প্রতিফলিত যখন
বিশ্বস্ত হাসিমুখে তোমার
আর 
সে আলোয় 
বেমালুম ধরা পড়ে গেছি

সময়মত ঘরে না ফেরার 
অবাঞ্ছিত ঔদ্ধত্য দেখিয়ে ফেলে,
প্রবল বকা খাওয়ার পরে,
অপরাধী মুখটি লুকানোর মত
অবশিষ্ট আশ্রয় খুঁজতে চাইছি তাই
তালেগোলে বারবার,
যথারীতি, বুকের মাঝখানটিতে তোমার,
ততধিক প্রশ্রয়ও 
আর কারও অধিকার নয় যখন,
কেবল ব্যাকুল-বকুল অপেক্ষার ।
.

রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩

শরম

ছোটবেলা থেকে 
থরে থরে জমিয়ে গড়ে তোলা 
এযাবৎ মুখস্তের নিশ্চিন্ত ঘর
হঠাৎ যদি আবিষ্কার কর -
'বাতিল' ব'লে 
ঘোষণা করে দিয়েছে নিঠুর জীবন !

নিরাপত্তার স্থায়ী আশ্রয় ব'লে 
জেনেছিলে যাদের,
তারা প্রয়োজনীয় নিত্য আড়ালটুকু 
দিতে রাজি নয় আর, ব'লে,
ছেড়ে গেছে যদি তোমাকে একাকী
সহায়সম্বলহীন উন্মুক্ত প্রান্তরে,

হাসতে পার তার পরেও 
আগের থেকে অধিকতর জোরে ।
ফুটতে পার, নূতন সৌরভে
তথাপি পৃথিবী আলো করে,
আত্মবিশ্বাসের একক ঔজ্জ্বল্যে ।

দেখবে, হবে আবার দেখা জোড়ে
একদিন নূতনের পরিসরে, ফের তারপরে ।
.
https://youtu.be/a7ll8LGFWrg

শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩

ওরম হতে হয়

ভালবাসতে গেলে
আমার অনুভবের অপ্রতিরোধ্য শিকড়
চালান হয়েই যায় 
সযতনে আগলে রাখা পেলবের গোপনে,
একান্ত নিভৃতিতে,
পরাণের নরম মাটির গভীরে তোমার,
সুযোগমত, "চুক চুক" ক'রে,
জীবনের রস
নির্দ্বিধায় আকণ্ঠ শুষে নিতে !
এ ও ভালবাসারই পরিণাম,
কোনও ইচ্ছাকৃত অপরাধ নয় আমার ।

তুমিও কি থাক না অপেক্ষায় প্রতিটিবার
বুক থেকে স্বতঃস্ফূরণে উথলে ওঠা মধু
নির্নিমেষে, উজাড় করে বিলিয়ে দিতে,
নেহাৎই অনাবিল উদ্দেশ্যে, 
আগল খুলে ফেলার পাগল, যুগল-হিতে ?

বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩

The Unquestionable

Do you know ?
Do you know that I often run away,
Far away from every challenge,
Mostly from all challenges of life ?

Do you know ?
Do you, at all, know the reason ?
It's because, all through my life
A dream remained non-stop.
A dream has been haunting me,
Chasing me day and night
That you started a fight,
An endless war,
Obviously, with me alone,

Challenging me to prove in reality
That love happened between us
Without a distinct intention 
Of the Almighty.