বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২

স্তরভেদ

মন আর শরীর, দেখ না দেখ,
হামেশাই পারে বাসি হতে
যৎসামান্য উঞ্ছ-অভ্যাসে ।

বাসি হওয়ার উপায় নেই যে হাসির
সে হলো 
পরাণের চিরহরিৎ সুরে বাজা বাঁশি,
অব্যর্থ বার্ধক্যও ব্যর্থ যে পরশে ।

শ্রদ্ধার শিখর হতে হৃদয়ের সমর্পণ
শ্রেষ্ঠতম নিবেদন মানবজীবনে ।
যে পায়, আর যে দেয়, তারাই একমাত্র জানে
এর অধিক সুন্দর ধারা
আর কিছু থাকতে পারে না এ ধরায়
মানুষের অবগাহনের হরসে ।

অপরদিকে, নিছক ক্ষুধার প্রশমনে
"আপোষের সাময়িক বেচা-কেনা
এঁটো শরীরেও দিব্যি জায়েজ" -
একথা প্রমাণ করে চলেছে চিরটাকাল
কোটি কোটি 
ভোগাসক্ত, মধ্য-শৃঙ্খলিত, অসহায় নর-নারী ।

মানুষের গহীনতম ইচ্ছার 
মুক্তি-যাপনের যোগ্য প্রশস্ত আবাস
অথচ সার্থকতম কেবল হৃদয়াকাশে !
দাঁড়ি ।