শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

চৈতন্য

ভ্রমের ভ্রমর 

অন্ধ ব'লে কেবলই বাইরে ঘুরে ঘুরে মরে ৷

মোহকে ভালবাসা ভাবার ভুল তবু

এ জীবনে আর গেল না আমাদের !


মোহ - মনে বাস ক'রে 

অবিরত লাভ-লোকসানের হিসেব করে,

কল্পনার আল্পনা আঁকে আর

সুতীব্র খোঁচায় শরীরকে বারংবার জাগায় ৷

স্বার্থান্বেষী মনে দহন ক্রমশ বাড়তেই থাকে

অথবা হতাশাকেই শেষ-অবধি কড়া নাড়তে হয়,

বাইরের কারও প্রতি বস্তু-প্রবণ পরমুখাপেক্ষিতায় ৷

মানুষ আশায় থাকে - উদ্ধার করবে অন্য কেউ, 

তার নিজের নেই তো অচিরে কোনই দায় !


মোহের অস্থির দৃষ্টি 

কেবলই বাইরে আটকে থাকে ব'লে

একবারও  নজর ফেরে না ভিতর-পানে !

ইচ্ছারা শিকলকে ভবিতব্য মেনে নেয়

মনের সাথে প্রাণের পার্থক্য-বিস্মরণে !

চৈতন্য বলে না - আপন অন্তরে

পরাণের গুপ্ত দরজাটিতে একবারটি ঠকঠকাই !


সে অন্দরমহলে কোনও ঝড় পৌঁছায় না ব'লে

দীপশিখাটি একবার প্রজ্বলিত হলে

অতঃপর নিষ্কম্প আলো দিতে জানে 

শান্তির দুর্লভ মহিমায়,

বাইরের লক্ষ্যে শেষ-অবধি নয়, 

বধিরতার উচাটন-শেষে

আমরা যে অলিন্দে খুঁজে পাই সুর,

আপন গভীরতার সম্যক পরিচয়ে

ভালবাসার ধ্যানমগ্ন তন্ময়তায় ৷


তুমি যদি কবি হও, বেশ ভালই জানো,

তোমার আদরের রবি,

মনে নয়, তোমাকে না জানিয়ে

ঠাঁই খুঁজে নিয়েছে পরাণের কোটরে ব'লে,

ভালবাসার যথাযথ সেবা

কতটা পরম-নির্ভরে তোমা হতেই পায়  !