পাওয়ারা শরীরে আবর্তিত হয়
সর্বদা ক্ষণিকের তরে,
দীর্ঘতর পাওয়ারা থাকে মনে
আর দীর্ঘতম-দের বাস কেবল পরাণে ।
লক্ষ্য করলে দেখবে শরীরের অধিকার
সবচেয়ে সাময়িক আর অস্থায়ী ।
মনের অধিকার যদিবা অধিকতর,
পরাণে অধিকারের স্তরটি অনেক সূক্ষ্ম,
অথচ, একবার ঠিকঠাক জেগে উঠলে
আর চট করে হারাবার ভয় নেই ।
তবে পরাণে ভালবাসার অধিকার
ঠারে ঠারে অনুভব করতে গেলে
সংবেদের স্তরও যথেষ্ট উচ্চ হওয়া চাই
আর তেমন যদি সত্যিই হয়, তবে
নীচের স্থুল দখলগুলো না পেলে
বসন্ত-কে রোদনভরা হতে হবে
এমন কি আছেই কথা,
বল-না গো, ও শ্রীমতি বিস্ময় ?