সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

ভুল বুঝো না

ক্রমাগত দ্বন্দ্বের মহরৎ - জীবন তার নাম ।

এক-পারে, তোমার জন্য থাকতে হবে 
স্বেচ্ছায় বাড়িয়ে রাখা সহৃদয় হাত,
সমব্যথী পরাণের মানবিক সংবেদনে,
বিবেকের উজানে, পালে হাওয়া লেগে,
শৈল্পিক ভালবাসার ফিনিক্স-অভ্যুদয় ।

অপর-পারে, নিজের তরে, 
রইতে হবে সমানহারে আপোষহীন,
কঠিন নিয়মানুবর্তিতা আর 
আলস্যবিমুখ স্হির লক্ষ্যে 
আত্মবিশ্বাসী অগ্রসরমানতার বরাভয় ।

এই দুই বিপরীত পারের আকর্ষণে
অবিচল তীব্রতায়
মাঝনদীতে বাড়তে হবে জল ।
বইবে জীবন-তরী তোমায়-আমায়
অদৃশ্য সুতোয় জুড়ে
তরতরিয়ে আনন্দময়তায় ।

বুঝলে কি পরিশেষে ?
আমার হাতে রাখতেই হবে আগুন, তাই
তোমার প্রস্রবণ ভিজাতে অপেক্ষায়
অবিরাম শীতলতায় ।