রবিবার, ২৩ মার্চ, ২০২৫

বিভ্রান্ত

এগোতে পারলে না ব'লে
হতাশ হয়ে হাল ছেড়ে দেবে ?
এগোবে ? 
কোথায় এগোতে চেয়েছিলে?

বাইরে, বিস্তারের পথে 
কোনও শেষ নেই এগোনোর ।
এগোনোর শেষ খুঁজে পাবে
কেবল ভিতরে ।

নেতি শুধুমাত্র 
শেষ খুঁজে দিতে পারে একদিন, অবশেষে ।
একেই অঙ্কের নিয়মে
Process of elimination বলে ।
দূরের ট্রেনের 
সব স্টেশনে থামতে নেই ।
নেতি কে চেনো । 
তাকে সহজে আপন করে নাও ।
সে-ই শেষ অবধি
পৌঁছে দেবে সব রাস্তার শেষে
সত্য-সুন্দরে ।

শাস্তি

মানুষ 
নিজের ভালো চেয়ে
নিজেকে নিজে অনেক বুঝায়। 

তবু যদি মন অবাধ্য হয় বারবারই,  
তবে তাকে আর না আটকিয়ে 
নিজের ইচ্ছামত চলতে দাও
আর দেখতে থাকো
সে কেমন মৃত্যু নিয়ে
আঁতলামির 
বৃথা কাব্য শুরু করে এবার!

কেউ কেউ শুধু 
নিজের বিনাশ হতেই শিখতে আসে
নশ্বর এই দুনিয়াতে,
একথা জেনেই - 
সুযোগ এখানে আদপেই অফুরন্ত নয়।