শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
রোমাঞ্চ
"ন্যূনতম ভোগ ছাড়া জীবন বাঁচে না" -
একথা যেমন মিথ্যা নয়,
ঠিক তেমনই, সম্পর্ক-কে
শুধুমাত্র অবচেতনের প্রবণতায়
নিয়ন্ত্রিত হতে দেওয়া জীবনকে মসৃন করে না ।
মানুষকে ছাপিয়ে যেতে হয়
প্রবৃত্তির অবধারিত নিম্নগামিতা,
প্রতিদিন, সচেতন আনন্দের ভূয়সী তোড়ে ।
খুশি হতে, মহানন্দে বুকে জড়িয়ে ধরতে হয়
প্রাণের মানুষটিকে,
রোজ অন্ততঃ একবার - নতুন উদ্যমে,
কেবলমাত্র ভালবাসার প্রতিদানে
শ্রদ্ধাশীল ও কৃতজ্ঞ স্বীকৃতির নিরন্তর উদযাপনে ।
প্রসঙ্গতঃ, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা,
এই দুটি মহান উপাদান বিনা
সুন্দর, হৃদয়ের নিবিড় আলিঙ্গনে,
কদাপি স্থায়ীরূপে ধরা পড়ে না
আর একমাত্র তবেই, শরীর একদিন ক্ষয়ে গেলেও,
যাপন উত্তীর্ণ হতেই থাকে তৃপ্ততর স্তরে ।
সুরে সুর - ক্রমশঃ অধিক মিলতে পেলে,
আপন বিশ্বাসের বিস্মিত আবডালে
সাথীর জন্য আকুলতা যতদিন বাড়তে চায়,
বুকের উষ্ণ-প্রস্রবণের সহজাত গুড়গুড়ানি-তে
পুলকের হাসি লেগেই থাকে ঠোঁটের কোণে ।
তখন আর, একজন, অপরের কাছে,
একদিন পুরোনো হয়ে যাওয়ার সুযোগ থাকে না ।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)