যদি প্রশ্ন করো - "কি চেয়েছিলাম ?"
মূক হয়ে উত্তরই খুজে যাবো
হয়তো আজও !
যদি প্রশ্ন করো "কি পারো নি ?"
সাথে সাথে উত্তর প্রস্তুত !
সততঃ পারগ নারীর মত
অপ্রাপ্তির ভারকে নামাতে পারিনি -
তুমুল কেঁদে কেটে ।
আর পারিনি ব'লেই
একদিন সহনের বাঁধ ভেঙে পড়তে গেলে
বাধ্য হয়েই, বাঁধের মাটিতে
ইষ্পাতের দৃঢ়তা সরবরাহের আয়োজন
প্রয়োজন হয়ে পড়েছিল ৷
হেরে যেতে যেতে, হেরে যেতে যেতে,
অবশেষে হার না মানাও অপেক্ষায় থাকে !
জীবনের অভিধানে "তুমি"-র আকাঙ্খিত মানে
না পেতে পেতে, একদিন
কেবল "আমি"-তে স্থায়ী উৎস খুঁজে পেতে চেয়েছিলাম !
যাপন - তখনো যেহেতু প্রভূত বাকি আর
ভালবাসা ছাড়া বাঁচায় - মসৃনতার প্রশান্তি
অবধারিত অধরা ব'লে
তোমার পরে পরনির্ভরতার প্রশ্নে -
সিদ্ধান্ত-নিরূপক উত্তরে
ইচ্ছায় - সুখের প্রথম অধিকারের বিপরীতে
মুখ শেষবারের মত ঘুরিয়ে নিয়েছিলাম ৷
প্রতিদানাকাঙ্খাহীন দরদের অযাচক ক্ষরণে
সম্রাটের একতরফা ভাণ্ডারকে
পিতৃত্বের দায়ে সফল গড়ে নিতে,
আপন সংবদ্ধতায় স্বাধীন উৎকর্ষ-বিহারে,
আমারই মত
আরও অসংখ্য তৃষ্ণার্তের কথা মাথায় রেখে,
অনিমেষ জলরাশির একটা গোটা সমুদ্র খুঁড়ে ফেলায়
অন্তরে নিবিষ্ট হয়েছিলাম !