বাইরের সমবেত জিন্দাবাদ
মূলত শেয়াল-সুলভ পরনির্ভরতা,
অলক্ষ্যে মূল্যবোধ-মূর্দাবাদের
অবিচক্ষণতা সম্প্রসারণে,
ধূর্ততর শোষণের অভিপ্রায়ে,
ক্ষমতার অলিন্দে
চালাকের সন্ধি-জনিত আপোষ ৷
বিপ্লব মানে - বাস্তবে খোদ নিজে
স্হবিরতার জগদ্দল ভেঙে
একান্তই ব্যক্তিগত পরিসরে
অপ্রতিহত গতিতে উত্তরণ ৷
যেমন কোনও একদিন
তুমিও অতীতে
থাকতে পারো না আর !
ভালবাসার সঘন তাপে
সহসা উঠে দাঁড়িয়েছো !
ভাবুকতাকে
চুরমার ক'রে ভেঙে,
লক্ষ্যকে সামনে অবিচল রেখে
দৌঁড়াচ্ছো এবার !
কে ভেবেছিল
স্থল-জল রচিত
বিপদসঙ্কুলতাদের
একে একে সব
পার হয়ে যাবে ?
প্রতিবন্ধকদের
এযাবৎ বাধার
বাধ্য হারে
জয়ের দরজায়
অবশেষে পৌঁছে গেছো ৷
ভালবাসার
উপচে পরা ভারে
হাঁপাচ্ছো তখন !
অবশেষে অভীষ্টকে
সামনে পেয়ে
দু হাত বাড়িয়ে
দিয়েছো অন্তিম ঝাঁপ ....
তারপরে কি হলো,
আর কি হলো না,
অভীষ্ট - আদপে মানুষ কিনা,
গুরুত্বপূর্ণ নয় ব'লে
সে কৌতুহল অবান্তর ৷
কারণ -
আসল ঘটনাটি ঘটে গেছে
সদ্য, কিছু আগেই ৷
দৌড়ের বাস্তবে নেমে,
নিজেকে ছাপাতে পারার
শক্তি অর্জনের সাথে সাথে
বেমালুম জিতে গেছে
আন্তর্বিপ্লবে
বিজয়ের নির্বান্ধব শীৎকার ৷
শুদ্ধ ভালবাসা
অসম্ভবকে করেছে আবার পার ৷