শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮

বিপন্ন শর্বরী

আটকে পড়ে থাকা অসহায়তায়
প্রকৃতির নিষ্করুণ জালে !
কবে কি পেয়েছ কোন কালে
হিসেবও নেই তার !
শুধু জানো - ফেলেছ ভালবেসে ।
সুতরাং উপায় নেই আর
তোমার আবশ্যিকের অনুসরণে
সে সত্য কোনও মতে এড়াবার !

বাধা আরও আছে
রয়ে আংশিকের অনধিকারে !
পারো না বাহির হতে
হাতের চূড়টি কেবল খুলে দিতে
অথবা গলার সাতনরী হার !
তোমার দিতে হলে
প্রবেশ-পত্র শুধু দিতে হবে
অন্তরে, অকাতর জোয়ারে
সুখের সখ্য-বিবশে
পূর্ণ অধিকৃত হওয়ার অধিকার !

কালের কল অযাচককে টানে
চরৈবেতি নিয়মে !
তুমি হাঁসফাঁস কর জালের বিষময় তলে
আর
সকরুণ বেণু বেজে ওঠে বার বার -

"হে অনাগত ! নও যে এ পরাণে বহিরাগত
সেটুকু যদি না বোঝো
মেনে নিতে হবে শুধুমাত্র বাঁচতে চাওয়াকে
নিঃসম্বলের হার ।

বাঁচিয়ে রাখা আজও উপহার !

ফেরো সহাস্যে, হে,
এ সবরমতী তীরে, নির্জন কুটিরে
বৃতি-আবৃত সুবাসে
নিঃসংশয়ে  - একটিমাত্র বার !"
.