তোমার ভালবাসা
তোমার মধ্যে যে উদ্দীপনা সৃষ্টি করে
তার মধ্যে থাকে
একশো ঘোড়ার লাগাম-ছেঁড়ার শক্তি ।
সে একান্তই ব্যক্তিগত কর্ষণ
ও অর্জন তোমার,
পরমুখাপেক্ষিতার লেশমাত্র নেই যে পরিসরে ।
ভালবাসা-জনিত উৎসাহের
বিপুল জোয়ার-কে
দিনের প্রতি মিনিটে, ঘন্টায়,
আপন কাজে লাগাতে,
কাজে লাগিয়ে, জীবন থেকে
এক এর পর এক দুরন্ত সাফল্য
অনায়াসে নিষ্কাশন করে নিতে
কেউ আটকাতে পারে না তোমাকে,
এমনকি তোমার প্রেমিক বা প্রেমিকাও না ।
যৌনতা অবশ্যই পরমুখাপিক্ষিতা,
কিন্তু ভালবাসা ?
সে তো আপন হৃদয়ের উৎসারণ !
পরাণের স্বতঃস্ফূর্ততার অধিকারে
সে যে স্বাধীন, শুদ্ধ আত্মমুখাপেক্ষিতার নাম ।
"প্রেম" নাম দেওয়ার অজুহাতে
তুমি, আসলে, তাকে অনবরত
কাম, ক্রোধ, লোভ, মোহ প্রভৃতি
ষঢ় রিপুর নাগপাশে জড়াও,
এবং অতঃপর
আপন স্বার্থের জাঁতাকলে নিজে আটকে পড়ে
পার্থিব অপ্রাপ্তি-জনিত ক্ষোভ ও
দুঃখের সাগরে অবধারিত নিমজ্জিত হও ।
আসক্তির ক্রীতদাসত্ব স্বেচ্ছায় না মেনে নিলে
এমন নিকৃষ্ট যাপনের সত্যিই দরকার ছিল না ।