মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

নিরন্তর উদযাপন

- "তুমি সবসময়ে হাসো কেন ?"
- "তার কারণ - নিজে চুটিয়ে উপভোগ না করে, জীবনের পিচ্ছিল সময়ের একটিও মুহূর্তকে, আমাকে ঠকিয়ে দিয়ে, হারিয়ে যেতে দেব চিরতরে, - এমনটা কখনো হতে দিই না ।

এটা সম্ভব হয়, আমি অপরের প্রতি কঠোর রূপে প্রত্যাশাহীন আর নিজের প্রতিও আকাঙ্খা-পিড়িত নয় ব'লে ।

আমি জানি, কিভাবে দীর্ঘদিন ধ'রে, প্রতিদিনের কাজের সঠিক নির্বাচনে ও সুষ্ঠ সমাপনের মাধ্যমে, একটি একটি করে সুঅভ্যাস প্রথিত করতে হয় আপন চরিত্রে । এই সুঅভ্যাস-রা ক্রমে-ক্রমে পাল্টে যায় ব্যক্তিগত গুণে তথা অবধারিত নূতন যোগ্যতায় । 

এই চেতনা আমাকে সেই আত্মবিশ্বাস দেয় যার দ্বারা আমি অনুভব করি - এ জগতে এমন কিছু লক্ষ্য থাকতে পারে না, যা আমার পক্ষে অর্জন করা সম্ভব নয় । কেবল ধৈর্যের প্রয়োগে সময়কে প্রাপ্য সম্মান দিতে হবে অবিরত আত্ম-কর্ষণের ক্ষেত্রে ।

মানুষের মধ্যে ভালো আর খারাপ - এই দুটি দিক থাকতেই হবে । উভয়ের দায়ই আবশ্যিকরূপে একা সেই মানুষটির । আমি প্রত্যাশাহীন ব'লে, সদা মুক্ত ।

নিজে প্রতিক্রিয়াহীন হওয়ার কারণে, পরের ভালো এবং খারাপ উভয়কেই নিঃশব্দে, সমানহারে, উপভোগ করা-তে আমার তাই আদপে কোনও বাধা নেই ।

যখন আমি নিজেকে ও পরকে প্রতিনিয়ত তীব্রতম উপভোগ করতে সক্ষম, জীবনকে প্রতিবন্ধকতাহীন মেনে নেওয়া হাসিতে তাহলে বাধা আর রইলো কোথায় ?"

পাগলা, মনটারে তুই বাঁধ