যৌবনের মাপ বয়সের গায়ে লেখা থাকে' -
এ একেবারেই ভুল কথা ।
বিহান ফুটে ওঠে আগ্রহের তীব্রতায়,
ফেটে বেরোয় সুন্দরের উৎসবে
উৎকর্ষ অর্জনের মরীয়া উপচারে ।
কলিংবেল বাজাতে এসে, মিষ্টি হেসে,
দরজা খুললে যে তুমি,
তোমার আঙুলের সে শৈল্পিক নিয়ন্ত্রণে
ছিটকিনির আওয়াজই হলো না কোনও ।
বিয়ে হয়ে গেছে তোমার মেয়ের
বেশ কয়েক বছর,
অথচ, কথা বলার সময়
শিশুসুলভ উচ্ছলতা ও সারল্যের
কোনওপ্রকার অভাব চোখে পড়ার
উপায় ছিল না একটিবারও তোমাতে ।
বোন-চায়নার ধুমায়িত কাপ
যখন কথা বলতে বলতে
নামালে এসে কাচের টেবিলে,
তখনও অবাক হয়ে খেয়াল করলাম
কাচের সাথে কাচের আচম্বিতে চুম্বন
কোন অবধি নিঃশব্দ হতে পারে ।
বাকিটা বুঝতে, অবশ্য, অসুবিধা হয়নি আর ।
এরপরে, তোমার বিরল চা-পানের দৃশ্যে
কাপের বাইরের দেওয়ালে লিপ্সটিকের
কোন বিসদৃশ দাগ পাওয়া যাবে না
ব্যবহারের স্থুলে একটিবারও ।