সত্যকে - খোলা বাজারে স্বীকার করতে
সাহস লাগে মাত্র !
রাজনীতি - সে যে-ই করতে আসুক
একজনও মহানতায় - ধোয়া তুলসিপাতা নয় !
প্রত্যেকের, প্রতিটি আদর্শবাদী ভাষণের আড়ালে
ক্ষমতা আর বিনিয়োগ-শূন্য ব্যবসার লোভে
ব্যক্তিস্বার্থের কৃমিরা কিলবিল করে !
গনতন্ত্র - শব্দের মহানতাটি
বাস্তবে প্রতিফলিত তখনি হতে পারে
যখন একটি দেশে
"নিরপেক্ষ" - সবচেয়ে বড় দল হয়,
যারা, - প্রতিবার ভোটের সুবাদে
উপহারের কিঞ্চিত দাক্ষিণ্য উপেক্ষা করে,
বরং, রাজনৈতিক লোভকে চাবকে
ন্যূনতম প্রতিটি নাগরিক প্রয়োজন
আপোষহীন মিটিয়ে নিতে পারে !
গরিষ্ঠ - একবার প্রমাণিত হলে
মেনে নেওয়া ছাড়া
রাজনীতিরও উপায় বাঁচে না আর !
গনতন্ত্রের মত শক্তি হাতে পাওয়ার
বাহাত্তর বছর পরেও
একটি দেশ খোঁড়াতেই থাকে
সোজা হয়ে দাঁড়াতে না পেয়ে,
তার কারণ -
নিজের পেছন সামলাতে অক্ষম ব'লে,
ছোট অথবা বড়, কোন না কোন,
রাজনৈতিক অভিনয়-প্রতিভাকে
চরম অবাস্তবতায়
ঈশ্বর-প্রদত্ত কল্পনা ক'রে
জনসাধারণের, আজও অম্লানবদনে,
মানবাধিকারকে - শোষণের কাছে
ধর্ষণের জন্য খুলে দিতে হয় !
অবাক লাগে ! বড়ই অবাক লাগে,
যখন - আখেরে মেরুদণ্ডহীন,
তাই, বিশেষ একটি ছত্রছায়াতলে
ল্যাজ নাড়তে অভ্যস্ত তারা,
যারা নিজেদের শিক্ষিত ভাবে,
একটি গনতান্ত্রিক দেশে
স্বাবলম্বী নিরপেক্ষতার
গনতন্ত্রে অনিবার্য ভিত্তিকে জলাঞ্জলি দিয়ে,
কোনও একটি রাজনৈতিক দলের ছাপ
বীর হনুমানের মত
বুক খুলে দেখাতে পেরে,
প্রতিনিধিত্বের ক্রীতদাসত্বে-গরবে
অশিক্ষিতের সার্থক প্রমাণে
গনতন্ত্রকে গলা টিপে হত্যা করে যায় !