সোমবার, ৩০ মার্চ, ২০২০

প্রবেশিকা

একথা কে আর না জানে
"পিচ্ছিলতা - স্বতঃস্ফূর্ততা পায়
ভালবাসার চির-অযাচিত বরে" ?

"ফলিং ইন লাভ" ব'লে মানুষ তাই
মাছের পারা ছটফটায়,
খাপ খাওয়াতে উথাল-পাথালে চায়,
আছাড় খায় - প্রেমে প'ড়ে !

অনবরত পিছলে যেতে যেতে 
হয়ে বা বেয়ে তেরোশো নদী
পৌঁছে যায় ব-দ্বীপান্তরে !

শক্তির অভেদকে 
বস্তুর কায়িক বিভেদে,
বঙ্কিম-বিলাস-অভ্যাসে পেতে চেয়ে
সরলতা - শাপগ্রস্ত হয় আর
মেঘ-জনমের সাময়িকে
চক্রবৎ ফেরে বার বার,
অবশেষে ঝরে পড়বার 
সপ্ত-সুর মায়া-সমুদ্দুরে !