বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

ঘাপলা

ভালবাসা - সুযোগ-সন্ধানী বড় কম নয় ৷

ইতিউতি চায় আর ওৎ পাতে ৷

দৃষ্টিতে দৃষ্টির সম্মতি মিলে গেলেই

হাত ধরে ওমনি একছুট -

'রে' থেকে সটান 'ধা'-এর পানে !

ঘরে ঢুকে ছিটকিনিটি দিয়ে দিলেই


স্বতস্ফূর্তের নিরাপত্তায়

সাময়িক দম ফিরে পাওয়ার বিরতি,

তারই সাথে, দাম্পত্যের 

চিরকালীন-এঁড়ে অনুশাসন হতে

চুরি করে জিতে নেওয়া দুর্লভ যতি,


ভালবাসা

আড়বাঁশির নিখাদ ব্যাকুলতার সুর হতে

অগতির-গতি লেহ্য-প্রেমে পাল্টে নেওয়ার মুখে, 

এইবার, পরিপাটি সমর্পণ-সুখে

বিছানার কলকে-কাটা থালায় 

নিজেকে থরে থরে বিছিয়েই দেবে,


অতৃপ্তি-অধীর এ জীবন 

অপেক্ষার বিরহী ফাঁকে ফাঁকে 

সোহাগের সিক্ততা আচমকা পরিপাটি পেলে,

আমে-দুধে 

শেষ অবধি, সঘন মিলে গিয়ে,

অন্তরে

উষ্ণতার আকাঙ্খিত সুসহযোগের,


দৈনন্দিনতার মাঝে 

সহসা ফুঁড়ে ওঠা টগবগে 

নিবিড় উদ্দীপনাকে

হুবহু খুঁজে নিতে পারা চলে ৷

.