শনিবার, ৮ জুলাই, ২০২৩

বলতে পারে নি বলে

একবার অন্ততঃ মুখ ফুটে বলতে না পেরে
হেরে
পালাতে হয়েছিল এ অমূল্য জীবন ছেড়ে,
যেমনটি আজও ঘটে আড়ালে-আবডালে অনিবার ।

একবার যদি পারতো বলতে -
"আমার এ দুর্বিসহ একাকিত্বের
তুমি ছিলে একমাত্র সমাধান 
বেঁচে থাকার সহজাত উপচার ।

তোমার বিবাহ - অতি স্বাভাবিক ঘটনা এক ।
কিন্ত তার পরিনতি যদি হয়
আমার প্রতি আরোপিত অবহেলা ও উদাসীনতা,
তবে আমার শ্বাস নেওয়ার পরিসর
আদপে বাঁচতে পারে কিছু কি আবার ?

আত্মহত্যা মহাপাপ জানি,
কিন্তু, কীইবা করে সে হতভাগিনী আর
জীবন কেড়ে নিতে উদ্যত যার থেকে
সাহচর্য-জনিত সহযোগ লাভের 
অবশিষ্ট একটিইমাত্র অধিকার ?

শিল্পবোধ

ক্রমাগত সাগরের ঢেউয়ের মত
আছড়ে পড়ছে যারা পদতলে
তারা তোমারই আত্ম-বিনির্মাণ ।
সে অযাচিতদের মর্যাদা রেখো ।
আর কারও কাছে নয়,
তোমার কাছেই চেয়েছে তারা স্বীকৃতি,
বেচেছে ন্যূনতম আত্ম-সম্মান ।

কেবলই ফয়দা তুলতে গেলে
পয়দা বন্ধ হবে অচিরে ।
কবিতাদের থাকতে আছে, বন্ধু,
অন্তরে সুগভীর অভিমান ।
.

হারানো কবিতা

লিখে ফেলার সামান্যই আগে
বেখেয়ালে বেমালুম ভুলে গেলাম যেই,
বুঝে গেলাম - না জেনে করেছি বিষ পান ।
হয়তো আরও অনেকেরই
অভিজ্ঞতা শুনিয়ে গেছে আগে
এমনই অসহায়তার পরিসরে
আপোষহীন যন্ত্রণার পরিণাম ।

সে কিন্তু সত্যিই এসেছিল 
ছেয়েছিল সমগ্র মন প্রাণ
তার অযাচিত ভালবাসা
করেছিল অকাতরে দান ।

তারপরে কী যে হলো
আরও কারা টেনে নিল,
হুঁশ যবে ফিরে এল
দেখি সে গেছে চলে
না বলে একলা ফেরা নির্বাণ,
পদচিহ্নটুকু যার 
যদিও অচেনা পথে 
রথের চাকার পাশে 
তখনো তেমনই অম্লান ।

আফশোষ একা কামড়ায় হাত 
ফেরাবার ছিল না বিধান ।
.
https://youtu.be/BOPwDiqU5Dk
.