শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩

নশ্বরতা-উদযাপন

ক্ষণিকের তরে এসেছিলে এ ধরায়
মানব-জীবন নামক হে সুবর্ণ সুযোগ,
হে অনন্ত সম্ভাবনাময় !

এসে, কোন অবধি বেঁচে নিলে 
প্রবুদ্ধ জাগরণে, 
অপ্রতিহত বিকাশের অনুপ্রেরণায় ?
কতটা পাল্টে নিতে পারলে নিজেকে
স্বাধীনতার অধিকতর সক্ষমতায় ?
হাতে পেলে কোন কোন 
হাস্যোজ্জ্বল সুন্দরের ঠিকানা ?
চেষ্টা কি পৌঁছাতে পারলো 
সেই আপোষহীনতা অবধি,
যার পরে সব আফশোষের শেষ হতে হয়  ?

বিদায় সমাগত হতে হবে অদূরে ।
যার হাত ধরে থাকা,
তার পানে হাত নাড়ার সময়ও 
হয়তো যাবে না পাওয়া ।
যাওয়ার লগন একটিবার এসে গেলে,
সে আজ হোক অথবা কাল, 
আজকের আমরা আচমকা একদিন
প্রাণ-ভরে জেগে উঠব না আর কখনো,
অভ্যস্ত নতুন বিস্ময়ের সকালবেলায় ।

এই সামান্য বাস্তবতাটুকু 
নিরন্তর গোচরে রাখতে পারলে,
অমূল্য জীবনের "বেখেয়াল-অপচয়"
হয়তো অবধারিত হবে না আর
ছেলেমানুষ তোমার আমার ।